আর্থারকে চাইছে পাকিস্তান
পাকিস্তানের নতুন কোচ হিসেবে কিছু দিন ধরে অনেকের নামই শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় যোগ হলো মিকি আর্থারের নামও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়ানো আর্থারকে এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। ‘আর্থারের নামটা আসলে প্রস্তাব করেছেন গ্রেগ চ্যাপেল, যাঁকে প্রথমে প্রস্তাবটা দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে টেস্ট-ওয়ানডে দুই র্যাঙ্কিংয়েই এক নম্বরে তোলা আর্থারকে এ সময়ের ক্রিকেটের অন্যতম সেরা কোচ মনে করা হয়। পাকিস্তানের জন্য তিনিই যোগ্যতম বলে মনে করছে পিসিবির নীতিনির্ধারকদের একটা অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে চুক্তি সেরে ফেলতে আগ্রহী পিসিবি। আর্থারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। কিন্তু বিদেশি কোচরা পাকিস্তানে আসতে অনাগ্রহী। একে তো বোর্ডের মধ্যে, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের খবর প্রায়ই বেরোয়। তার ওপর দেশটির পরিস্থিতিও খুব একটা অনুকূল নয়। এখনো কাগজে-কলমে পাকিস্তানের কোচ ইন্তিখাব আলম। যদিও অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাঠানো হয়নি তাঁকে। পিসিবির পক্ষ থেকে ইন্তিখাবকে নাকি জানিয়ে দেওয়া হয়েছে, এর পর থেকে একাডেমি আর জুনিয়র দলগুলোর ভারই নিতে হবে তাঁকে। দুবাই সফরে ইজাজ আহমেদ ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা ওয়াকার ইউনুসও আগ্রহী প্রধান কোচের দায়িত্ব নিতে। ওয়েবসাইট।