আর্থারের উত্তরসূরি লেম্যান

যেন বিনা মেঘে বজ্রপাত! দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ, বাকি মাত্র ১৫ দিন। অথচ গত পরশু বরখাস্ত হতে হলো অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে। নতুন কোচের নামটাও সঙ্গে সঙ্গেই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাবেক বাঁহাতি ব্যাটসম্যান ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ ড্যারেন লেম্যান হয়েছেন আর্থারের উত্তরসূরি গত চার মাসে একটাও জয় পায়নি অস্ট্রেলিয়া। সেদিক দিয়ে এবারের অ্যাশেজটা একটু পিছিয়ে থেকেই শুরু করবে তারা। দুঃস্বপ্নের শুরু ভারত সফর দিয়ে, এর পর থেকে একের পর এক বিতর্কে টালমাটাল অস্ট্রেলিয়ান ক্রিকেট। ভারত সফরের মাঝামাঝি ‘হোমওয়ার্কগেট’ কেলেঙ্কারিতে জড়িয়ে দেশে ফিরে যেতে হয়েছিল চার ক্রিকেটারকে। চ্যাম্পিয়নস ট্রফিটা জিততে পারলে হয়তো পেছনে ফেলা যেত এসব হতাশা আর বিতর্ককে। হলো উল্টোটা—বিতর্ক পিছু ধাওয়া করল এখানেও। পানশালায় ইংল্যান্ডের জো রুটকে ঘুষি মারায় অ্যাশেজের আগ পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয় ডেভিড ওয়ার্নারকে। এর আগে ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু হয়েছিল তাদের চ্যাম্পিয়নস ট্রফি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শ্রীলঙ্কার কাছেও হেরে পূর্ণ হয় ব্যর্থতার ষোলকলা।
অনেক দিনের সাফল্য খরার হাত ধরে এল বিতর্কের বাণ—ভীষণ চাপেই পড়ে গিয়েছিলেন মিকি আর্থার। তবে অ্যাশেজের ঠিক আগে পদচ্যুত হওয়াটা বিস্ময় তাঁর কাছেও। আর্থার অবশ্য বিদায়ের পর সব দোষ নিজ কাঁধেই টেনে নিয়েছেন, ‘যখন আপনি কোচের মতো দায়িত্ব পাবেন, তখন অনুশীলনটা ঠিকঠাক চালানোর দায়িত্বও আপনারই। দুর্ভাগ্যজনকভাবে সেটা ঠিক পথে না চললে দায় আপনাকেই নিতে হবে। এই অঙ্গনে আমি অনেক দিন ধরে আছি। প্রধান কোচ হলে কেমন দায়িত্ব নিতে হয়, সেটা ভালোভাবেই জানা আছে আমার।’ ক্রিকেটারদের শৃঙ্খলাজনিত সমস্যার জন্যও বিদায়ী কোচ দোষ চাপাননি কারও ওপর। ২০১১ সালে অধিনায়ক ও কোচের দায়িত্ব নেওয়ার পর ক্লার্ক আর আর্থার পালন করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্বও। ক্লার্ক এখনো অধিনায়ক থাকলেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নির্বাচকের পদ থেকে।
মিকি আর্থারকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটাকে কঠিন মানছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও, ‘কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। যে সময়টাতে এই সিদ্ধান্ত নেওয়া হলো, অনেকেই হয়তো বিস্মিত হবেন।’ আর্থারের বিদায়ে বিস্ময় আছে, তবে লেম্যানকেও স্বাগতই জানাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল। বিগ ব্যাশ, আইপিএলে কোচিং করানো লেম্যানের সঙ্গে ২০১৫ সাল পর্যন্ত চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দায়িত্ব নিয়েই অ্যাশেজের অগ্নিপরীক্ষায় পড়তে হলেও লেম্যান বিচলিত নন একদমই, ‘জিততে শুরু করলে সবই ভালো লাগে। ব্যাপারটা খুবই সহজ—আমাদের এখন জেতা শুরু করতে হবে।’ এবারের অ্যাশেজে কেমন দেখতে চান অস্ট্রেলিয়া দলকে, ধারণা দেওয়ার চেষ্টা করলেন সে ব্যাপারেও, ‘আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব, যাতে সবাই আনন্দ পায়। নতুন চ্যালেঞ্জ নেওয়ার পর আমি দারুণ রোমাঞ্চিত।’
খেলোয়াড়ি জীবনে স্বতঃস্ফূর্ততার কমতি ছিল না তাঁর মধ্যে। সেই দর্শন এবার নিশ্চয়ই দলের মধ্যেও ছড়িয়ে দিতেই চাইবেন লেম্যান! এএফপি, ওয়েবসাইট।
