আর্থারের নতুন অভিযোগ
আদালতে অস্ট্রেলিয়া দলের অন্দরমহলের বিতর্ক প্রকাশ্য করে দিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ক্রিকেট-বিশ্বে। মিকি আর্থার আবার দৃশ্যপটে নতুন অভিযোগ নিয়ে। অস্ট্রেলিয়ার সদ্য সাবেক কোচের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। তাতে ভাবমূর্তির এমন অবস্থা যে আর্থারের শঙ্কা, আর কোনো দিন হয়তো শীর্ষ পর্যায়ে কোচিংয়ের চাকরি পাবেন না! তাঁর দাবি, ক্রিকেট অস্ট্রেলিয়াকে আদালতে নেওয়া ছাড়া আর বিকল্প ছিল না।বরখাস্ত হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকায় ছিলেন আর্থার। মায়ের শেষকৃত্য শেষে কাল ফিরেছেন অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকান হলেও আর্থারের স্থায়ী ঠিকানা এখন পার্থই। বিমানবন্দরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি, তবে পরে পাঠিয়েছেন একটি বিবৃতি। ৪৫ বছর বয়সী কোচের দাবি, তাঁকে আদালত পর্যন্ত যেতে বাধ্য করেছে অস্ট্রেলিয়ান বোর্ডই, ‘আমাকে বরখাস্ত করার পর আইনজীবীর সহায়তা নেওয়ার আগ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে আমি লিখিত কিছু পাইনি, কোনো যোগাযোগ করা হয়নি, কোনো টাকাপয়সাও দেওয়া হয়নি। কয়েক দিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায়ে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি বারবার, কিন্তু কোনো সাড়া পাইনি।’দ্বিপাক্ষিকভাবে সুরাহা না করে আর্থার ব্যাপারটি আদালতে নিয়ে যাওয়ায় সমালোচনার ঝড় উঠেছে অস্ট্রেলিয়াজুড়ে। তবে আর্থার বলছেন, এই পথে না হেঁটে কোনো উপায় ছিল না, ‘যেভাবে আমাকে সরিয়ে দেওয়া হলো, আমি ভেবেছিলাম ক্রিকেট অস্ট্রেলিয়া কাণ্ডজ্ঞানের পরিচয় দেবে এবং একান্তে কথা বলতে চাইবে। দুঃখজনকভাবে সেটা হয়নি। যে কারণে আজ এমন পরিস্থিতি। আমি কখনোই আইনি প্রক্রিয়ায় যেতে চাইনি, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আমার জন্য কোনো বিকল্প রাখেনি।’আদালতে দাখিল করা কাগজপত্রের তথ্য ফাঁস হওয়ায় নিজের দায় অস্বীকার করেছেন আরেকবার। আর এভাবে বরখাস্ত করাটাকে বলছেন চরম অন্যায়। এখন শঙ্কায় তিনি ক্যারিয়ারের ভবিষ্যর্যা নিয়ে, ‘জেমস সাদারল্যান্ড (বোর্ডের প্রধান নির্বাহী) নিজেই বলেছে, আমাকে একরকম বলির পাঁঠা বানানো হয়েছে। এভাবে আমার ক্যারিয়ার শেষ করে দেওয়াটা চরম অন্যায় মনে হয়েছে আমার কাছে। আমার ভাবমূর্তি ও ক্যারিয়ারের বিশাল ক্ষতি হয়ে গেছে, শীর্ষ পর্যায়ে আবার চাকরি পাওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ। বরখাস্ত হওয়ায় আমি পুরোপুরি হকচকিত ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। অথচ অ্যাশেজের আগে পারফরম্যান্স নিয়ে আমার ইতিবাচক মূল্যায়ন হয়েছিল। আমাকে বলা হয়েছে, ডেভিড ওয়ার্নার-কাণ্ডের পর বোর্ডের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিন্তু ওই ব্যাপারে কোনো শুনানি হয়নি এবং এই তরুণ দলটির শৃঙ্খলা উন্নয়নে কেউ আমার চেয়ে বেশি কাজ করছিল না।’ এএফপি, ওয়েবসাইট।