আর্থারের বোমা এবং দাবি

চলে যাওয়ার সময় দায়টা নিয়েছিলেন নিজের ওপরই। বলেছিলেন, নিতে চান সম্মানজনক বিদায়। কিন্তু ওসব যে মিকি আর্থারের মনের কথা ছিল না, সেটা প্রকাশ্য হতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার দ্য সেভেন নেটওয়ার্কের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে চার লাখ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন আর্থার অথবা ফিরিয়ে দিতে বলেছেন কোচের পদ। তবে এর চেয়ে বড় বোমাও ফাটিয়েছেন নিজের দাবির পক্ষে আদালতে দায়ের করা কাগজপত্রে। আর্থার নাকি লিখেছেন, শেন ওয়াটসন ও তাঁর দলবলকে জাতীয় দলের জন্য ‘ক্যানসার’ বলেছেন মাইকেল ক্লার্ক!
আর্থার নাকি দাবি করেছেন, ক্লার্ক ও ওয়াটসনের সম্পর্কে বড় টানাপোড়েন আছে। এই দুজনের মাঝে নিজেকে নাকি তাঁর মনে হতো ‘স্যান্ডউইচের মাংসের মতো’। বার্মিংহামের পানশালায় ডেভিড ওয়ার্নার যে জো রুটকে ঘুষি মেরেছেন, এটা শেন ওয়াটসনের কাছ থেকেই জানতে পেরেছিলেন বলে কাগজপত্রে উল্লেখ করেছেন আর্থার। ওপেনিং পজিশনটা ফিরে পেতে ওয়ার্নারের কাণ্ড আর্থারকে বলে দিয়েছেন ওয়াটসন, এমন একটা খবর রটেছিল ওই ঘটনার পর পরই। তবে তখন তা অস্বীকার করেছিলেন ওয়াটসন।
সেভেন নেটওয়ার্কের খবর অনুযায়ী, ভারতে বহুল আলোচিত ‘হোমওয়ার্ক-গেট’ কেলেঙ্কারিতে চার ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তে বোর্ডকে পাশে পাননি বলে দাবি করেছেন আর্থার। কোর্টে দাখিল করা কাগজপত্রে অভিযোগ করেছেন, দক্ষিণ আফ্রিকান বলেই তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
গোপন দলিলপত্র এভাবে প্রকাশ্য হওয়ায় বিস্মিত আর্থার হতাশা প্রকাশ করেছেন এক বিবৃতিতে, ‘গোপন কাগজপত্র সংবাদমাধ্যমে চলে যাওয়ায় আমি প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ। আমার আবেদনপত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ভেতরের যে বিষয়গুলো তোলা হয়েছে, সেগুলো খুবই স্পর্শকাতর। এ জন্যই আমি তা গোপন রাখতে বলেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে অন্যরা ফাঁস করে দিয়েছে।’
লক্ষণীয় হলো, সংবাদমাধ্যমের দাবিগুলোকে অস্বীকার করেননি আর্থার। সবই কি তাহলে সত্যি! মাইকেল ক্লার্ক কাল লর্ডসে বিতর্কটাকে ছুঁতেই চাইলেন না, ‘প্রথমত আমি এতে জড়াতেই চাই না। বৃহস্পতিবারের ম্যাচেই আমরা যতটা সম্ভব মনোযোগ দিচ্ছি।’
লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর দুই দিন আগে এই বিতর্কে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী পল মার্শ, ‘বিদায়ী সংবাদ সম্মেলনে মিকি পারফরম্যান্সের দায়ভার নিজের কাঁধে নেওয়া ও সম্মানের সঙ্গে দায়িত্ব ছাড়ার কথা বলেছিল। আমি বুঝতে পারছি না, ওর ওই কথা আর এই কাজের মিলটা কোথায়। এমন গুরুত্বপূর্ণ একটা টেস্টের দুই দিন আগে এটা প্রকাশ্য হওয়ায় আমি খুবই হতাশ। মিকির বর্তমান অবস্থায় আমার সহানুভূতি যেমন আছে, তেমনি চাইব ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সমস্যাটা ও নিজেদের মধ্যেই সমাধান করবে।’ ওয়েবসাইট।