আর্থারের সমঝোতা
ঝড়ের প্রকোপ যত প্রবল হয়, তা থেমেও যায় তত তাড়াতাড়ি। মিকি আর্থার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মধ্যকার ঝামেলাটাও মিটে গেল দ্রুতই। সিডনির ফেয়ার ওয়ার্ক কমিশনে দীর্ঘ আলোচনার পর আর্থিক বিষয়ে দুই পক্ষই একটা সমঝোতায় পৌঁছেছে।
গত মাসে কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর সিএ-এর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন আর্থার। আদালতে দাখিল করা অভিযোগপত্রে আর্থার দাবি করেন ৪০ লাখ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে হবে, নয়তো ফিরিয়ে দিতে হবে কোচের পদ। তবে এই দক্ষিণ আফ্রিকানের দাবিমতো ৪০ লাখ ডলার নয়, সমঝোতাটা হয়েছে টাকার অঙ্কটা কাটছাঁট করে। এক বিবৃতিতে আর্থার নিজেই বলেছেন ‘টাকার অঙ্কটা উল্লেখযোগ্য পরিমাণে’ কমিয়ে রাজি হয়েছেন তিনি, ‘আমার কাছে এটা কখনোই একমাত্র টাকার ব্যাপার ছিল না। আমি শুধু ন্যায়সঙ্গত এবং মর্যাদা ও সম্মানের সঙ্গে বিষয়টার নিষ্পত্তি চেয়েছি।’ ক্রিকেট অস্ট্রেলিয়াও এক বিবৃতিতে ঝামেলাটা এখানেই চুকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। ওয়েবসাইট।:n: