আর্থিক পুরস্কার দিল বিওএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানো হলো মাবিয়া আক্তার সীমান্তের আবেগ মেশানো কান্না। জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় সেদিন গুয়াহাটির ভোজেশ্বরী ফুকনানি ইনডোরে কেঁদেছিলেন সোনাজয়ী ভারোত্তোলক। সেই দৃশ্য আবারও একবার দেখে নিলেন হলভর্তি দর্শক। একই সঙ্গে দেখানো হলো সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও শ্যুটার শাকিল আহমেদের সোনাজয়ের মুহূর্তের ভিডিও।
গত মাসে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে হয়ে যাওয়া এসএ গেমসে চারটি সোনাসহ ১৫টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। কাল সেই পদকজয়ীদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে খেলোয়াড়দের হাতে পুরস্কারের টাকা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ক্রীড়া সংগঠকেরা।
মোট ১ কোটি ২১ লাখ টাকার পুরস্কার দিয়েছে বিওএ। সোনাজয়ীরা পাঁচ লাখ, রুপাজয়ীরা তিন লাখ ও ব্রোঞ্জজয়ীরা এক লাখ টাকা করে পেয়েছেন। সর্বোচ্চ ১০ লাখ ২৫ হাজার টাকা পেয়েছেন মাহফুজা খাতুন। শ্যুটার শাকিল ৫ লাখ ২৫ হাজার। ভারোত্তোলক মাবিয়ার প্রাপ্তি পাঁচ লাখ টাকা। দলীয় ইভেন্টের টাকা ভাগাভাগি করে দেওয়ায় ব্রোঞ্জজয়ী ফুটবলার ও হকি খেলোয়াড়েরা ছিলেন ক্ষুব্ধ। একজন ফুটবলার পেয়েছেন ৪ হাজার ৫৪৫ টাকা। হকি খেলোয়াড়ের প্রাপ্তিও প্রায় সমপরিমাণ টাকা!