আর্থিক প্রণোদনাতেই তাঁরা ক্যাম্পে!
দলবদলের দাবিতে অনড় জাতীয় দলের খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ না দিলে এসএ গেমসে দলই পাঠাবে না বলে হুমকি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। জিমি-মিমোদের ক্যাম্পে আনতে তাই সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন।
কাল রাতে হকি ফেডারেশনের সহসভাপতি আবদুস সাদেকের গুলশানের বাসায় জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে গোপন সভায় খেলোয়াড়দের দলবদলের ক্ষতি পুষিয়ে দিতে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। খেলোয়াড়েরাও নাকি প্রস্তাবটা মেনে নিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুব এহসান রানা, জাতীয় দলের কোচ মাহবুব হারুন। খেলোয়াড়দের মধ্যে ছিলেন পুষ্কর খীসা মিমো, হাসান যুবায়ের নিলয়, মনিরুজ্জামান রকিসহ অনেকে।
ফেডারেশন দলবদলের নিশ্চয়তা দিতে পারছে না। আর্থিক এই অনিশ্চয়তা কিছুটা ঘোচাতে সিনিয়র খেলোয়াড়দের ১ লাখ টাকা করে আর জুনিয়রদের ৩০ হাজার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এতেই নাকি অনূর্ধ্ব-২১ দলের ২৫ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছেন। আজ বিকেলে হকি স্টেডিয়াম থেকে এঁদের বিকেএসপিতে যাওয়ার কথা। আর জাতীয় দলের খেলোয়াড়েরা ২৪ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছেন।
সার্ভিসেস দলের ১৪ জন খেলোয়াড়ের যোগ দেওয়ার কথা ছিল পরশু। কিন্তু এঁদের কাউকেই পাচ্ছেন না মাহবুব হারুন। সেনাবাহিনীর সাত খেলোয়াড় আগামী সপ্তাহে ভারতে একটি টুর্নামেন্টে খেলতে যাবেন। নৌবাহিনীর খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেবেন কি না সেটি এখনো জানায়নি সংস্থাটি।