আর্মস্ট্রংয়ের নাকে খত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরের মায়ের বড় গলা। এই গলা চড়িয়েই ২০০৬ সালে ব্রিটেনের সানডে টাইমস-এর কাছ থেকে ৩ লাখ পাউন্ড ক্ষতিপূরণ আদায় করেছিলেন ল্যান্স আর্মস্ট্রং। ২০০৪ সালে পত্রিকাটি তাদের অনুসন্ধানী প্রতিবেদনে আর্মস্ট্রংয়ের সাফল্যরহস্য নিয়ে প্রশ্ন তুলেছিল—ডাল মে কুছ কালা হ্যায়! আর তাতেই খেপে গিয়ে মানহানির মামলা করেন ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৭ বছর ট্যুর ডি ফ্রান্সজয়ী সাইক্লিস্ট। সময়ের পরিক্রমায় সেই প্রতিবেদনই সঠিক প্রমাণিত। ক্যানসারজয়ী মহানায়ক এখন পতিত খলনায়ক। আর প্রথম সুযোগেই গত অক্টোবরে সানডে টাইমস ১০ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে মামলা ঠুকে দেয় আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে। তবে এবার আর আদালতে নয়, ব্যাপারটা আর্মস্ট্রং মিটমাট করেছেন পারস্পরিক সমঝোতায়। সানডে টাইমসই দিয়েছে খবরটি। ঠিক কত টাকায় রফা হয়েছে, সেটা না জানালেও পত্রিকাটি দাবি করেছে তারা এতেই সন্তুষ্ট। এএফপি।