আর্মস্ট্রংয়ের পাশে কেউ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পর্বের সাক্ষাৎকার না বলে দুই পর্বের ঝড় বলাই ভালো। গত বৃহস্পতিবার প্রথম পর্ব প্রচারিত হওয়ার পর পরশু অপরাহ্ উইনফ্রে নেটওয়ার্কে প্রচারিত হয়েছে দ্বিতীয় পর্বটিও। উইনফ্রের নেওয়া এই সাক্ষাৎকার যুক্তরাষ্ট্রের ৩২ লাখ মানুষ দেখেছে! সাক্ষাৎকারের প্রথম পর্বটি যদি হয় ল্যান্স আর্মস্ট্রংয়ের অপরাধ স্বীকারের, দ্বিতীয় পর্বে করেছেন আত্মপক্ষ সমর্থন। এ পর্বে আর্মস্ট্রংকে অনেক বেশি আবেগপ্রবণ মনে হয়েছে। এ পর্বে তিনি আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথাও বলেছেন। এটিকে তুলনা করেছেন মৃত্যুদণ্ডের সঙ্গে। সাবেক এই সাইক্লিস্ট এমনও জানিয়েছেন, তিনি আবারও লড়াই করতে চান সাইক্লিংয়ে। পেশাদার সাইক্লিংয়ে তাঁর পক্ষে আর ফেরা সম্ভব নয়। তিনি আসলে লড়তে চান বিভিন্ন প্রদর্শনীমূলক ইভেন্টে। শুধু সাইক্লিং নয়, ক্রীড়াবিষয়ক কোনো প্রতিযোগিতাতেই আর অংশ নেওয়ার যোগ্যতা নেই তাঁর। এটাও মানতে পারছেন না আর্মস্ট্রং। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ডোপপাপীরা তুলনামূলক কম সাজা পেয়েছেন। সেখানে তাঁকে সইতে হয়েছে আজীবন নিষেধাজ্ঞা। আর্মস্ট্রং বলেছেন, ‘আমি বলছি না এটা অন্যায়। কিন্তু এটা অন্য রকম একটা ব্যাপার। আমার শাস্তি প্রাপ্যই। কিন্তু তার মানে এমন নয় আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে।’খেলাটা তাঁর জীবন। কোনোভাবে আর খেলার সঙ্গে সম্পৃক্ত থাকতে না-পারা তাঁর জন্য একরকম মৃত্যুই। ৪১ বছর বয়সী আর্মস্ট্রং বলেছেন, ‘এসব শাস্তির জন্য আমিই দায়ী। কিন্তু আমার বয়স যখন ৫০ হবে, তখন আমি শিকাগো ম্যারাথনে দৌড়াতে পারব? আমি তো দৌড়াতেই চাই। কিন্তু পারব না। বাস্তবতা বিবেচনায় আমি মনে করি না এটা সম্ভব হবে। আমাকে এই বাস্তবতা মেনে নিয়েই বেঁচে থাকতে হবে।’নিজের হাতে গড়া লিভস্ট্রং ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানো ছিল তাঁর জীবনের কঠিন এক অভিজ্ঞতা। সাক্ষাৎকারে আর্মস্ট্রং বলেছেন আরেকটি অভিজ্ঞতার কথা। সেখানে তাঁর ছেলে লুকের কাছে তাঁকে স্বীকার করতে হয়েছিল তিনি পাপী, ‘আমি দেখলাম, আমার ছেলে আমার পক্ষে বলছে। বলল যে “এগুলো সত্যি নয়...”। তখনই বুঝলাম আমাকে সবকিছু খুলে বলতে হবে ওকে। ও কিন্তু কখনো আমাকে জিজ্ঞেস করেনি, “বাবা, এসব কি সত্য?” ও আমাকে বিশ্বাস করে। কিন্তু আমি ওকে বললাম, “শোনো, তোমার বাবাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি ডোপ নিয়েছি কিনা। আমি তোমাকে সত্যিটা জানাতে চাই। দেখো লুক, এর পর থেকে আর আমার পক্ষে কিছু বলো না। কেউ যদি এ ব্যাপারে কিছু বলে আমার পক্ষে কিছু বলার দরকার নেই তোমার। শুধু বলো, “আমার বাবা বলেছেন, তিনি অনুতপ্ত।”এই কেলেঙ্কারিতে সাড়ে সাত কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে। যেটা সামলানো সম্ভব নয়, ‘সব শেষ। যেগুলো সম্ভবত আর কখনোই ফিরে আসবে না। আমি আমার ভবিষ্যতের সব উপার্জনও হারিয়ে ফেলেছি।’ এই ক্ষতি তো আছেই, এ ঘটনার পর আর্মস্ট্রংয়ের মা অসুস্থ হয়ে পড়েছেন। সমালোচকেরা কিন্তু তাঁর এমন আবেগমথিত কথায় গলছে না। আজকের এই পরিণতির জন্য একমাত্র কেউ যদি দায়ী হয় সেটা আর্মস্ট্রং নিজেই। তাঁকে তাঁর প্রাপ্য শাস্তিও দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। এএফপি, রয়টার্স।