
আজীবন নিষিদ্ধ হয়েছেন। কেড়ে নেওয়া হয়েছে তাঁর সবগুলো ট্যুর ডি ফ্রান্সের শিরোপা। তবে ল্যান্স আর্মস্ট্রং যেন পণ করেছেন
শাস্তিটা কিছুতেই একা ভোগ করবেন না। সে কারণেই কিনা, বলে বসলেন ডোপিং কেলেঙ্কারি ধামাচাপা দিতে নাকি তাঁকে সহযোগিতা করেছিলেন সাবেক আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়নের (ইউসিআই) সভাপতি হাইন ফেব্রুখেন। ফেব্রুখেন অবশ্য অভিযোগটা উড়িয়ে দিয়েছেন। আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) শুধু আর্মস্ট্রংয়ের মুখের কথার ওপর ভিত্তি করে কাউকে অভিযুক্ত করতে রাজি নয়।
আজীবন নিষেধাজ্ঞার শাস্তি কমিয়ে আনতে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন আর্মস্ট্রং। সে কারণেই হয়তো পরশু ব্রিটেনের ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে বললেন, ১৯৯৯ সালে ট্যুর ডি ফ্রান্সের আগে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন তিনি। কিন্তু সে সময়ের ইউসিআই সভাপতি ফেব্রুখেন তাঁকে সহযোগিতা করেছিলেন সেটা ধামাচাপা দিতে। ওই বছরই প্রথমবারের মতো ট্যুর ডি ফ্রান্স জেতেন আর্মস্ট্রং। সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর রীতিমতো খেপেছেন ফেব্রুখেন। আর্মস্ট্রংকে মিথ্যাবাদী হিসেবে ইঙ্গিত করে বলে দিয়েছেন, ‘কবে থেকে আমরা আর্মস্ট্রংয়ের কথা বিশ্বাস করা শুরু করলাম?’
খুব সহজে আর্মস্ট্রংয়ের কথা বিশ্বাস করতে রাজি নয় আইওসিও। পরশুই সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যিনি দশক ধরে সারা পৃথিবীর সঙ্গে প্রতারণা করেছেন তাঁর কথার কোনো সত্যতা আছে—এটা বিশ্বাস করা কঠিন। ইউসিআই ব্যাপারটার নিরপেক্ষ তদন্ত করছে এবং আমরা এর আগে কোনো গুঞ্জন আমলে নিতে রাজি নই।’ ওয়েবসাইট