আর্মি শুটিংয়ের দাপট
ফেডারেশনের নিষেধাজ্ঞা শেষ হলেও জাতীয় শুটিংয়ে ফেরেননি শারমিন আক্তার রত্না। দেশসেরা শুটারের অনুপস্থিতিতে এবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের সিনিয়রে দেখা গেল নতুন মুখ। ২৮তম জাতীয় শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মমতাহিনা। ফাইনালে তাঁর স্কোর ২০৩। রুপাজয়ী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শারমিন আক্তার করেছেন ২০২.২ পয়েন্ট। ব্রোঞ্জ জিতেছেন একই ক্লাবের সুরাইয়া আক্তার (১৮০.৯ পয়েন্ট)।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়রে সোনা জিতেছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মাহফুজা জান্নাত। নতুন জাতীয় রেকর্ড গড়ে স্কোর করেছে ২০৪.৫। ছেলেদের ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলেও সেনাবাহিনীর দাপট। ৫২৬ পয়েন্ট পেয়ে সিনিয়র বিভাগে সোনা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাহাদাৎ আহমেদ, জুনিয়রে সোনাজয়ী একই ক্লাবের সাব্বির আলামিন করে ৫১৪ পয়েন্ট। ৫০ মিটার রাইফেল প্রোনে সিনিয়রে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন (৫৯৩)। এই ইভেন্টের জুনিয়রে সোনা জিতেছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাহিন আলম। তাঁর স্কোর ৫৭১।