আর্সেনাল এবার ব্যর্থ: ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের পর থেকে আর কোন শিরোপা জয়ের স্বাদ পায় নি আর্সেনাল। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমেও ক্রমাগত উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। লিগের মধ্যপর্যায়ে এসে ৪০ পয়েন্ট নিয়ে এখন তারা আছে তৃতীয় অবস্থানে। লিগ শিরোপা জেতার জন্য নিজেরা ভালো খেলার সঙ্গে সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড বা ম্যান সিটিও যেন খারাপ খেলে সে প্রার্থনাও করতে হচ্ছে আর্সেনাল সমর্থকদের। কিন্তু তুলনামূলক সহজতর একটা শিরোপা জেতার সুযোগও ঠিকমতো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আর্সেনাল। গতকাল কার্লিং কাপের সেমিফাইনালের প্রথম লেগে দ্বিতীয় বিভাগের দল ইপসউইচের সঙ্গে ১-০ গোলে হেরে ফাইনালে যাওয়ার রাস্তাটা বেশ কঠিনই করে তুলেছে গানাররা।এটা ভেবে আর্সেনাল সমর্থকদের হতাশা আরো বেড়ে যাওয়ার কথা যে, এই ইপসউইচকেই কয়েকদিন আগে চেলসি হারিয়েছিল ৭-০ গোলের বিশাল ব্যবধানে। গোল করতে না পারার ব্যর্থতা তো আছেই। সেই সঙ্গে রক্ষণভাগের চরম দুর্বলতা আরো বেশি ভোগাচ্ছে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে। খেলার ৭৮ মিনিটে ইপসউইচ স্ট্রাইকার থামাস প্রিসকিন করেছেন ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি। তবে ওয়েঙ্গার শুধু রক্ষণভাগের উপরই এই হারের পুরো দায়ভার চাপিয়ে দিতে চান নি। আর্সেনাল যে প্রতিটি এলাকাতেই খুব বাজে খেলেছে, সেটা খুব স্পষ্টভাবেই স্বীকার করেছেন তিনি।গতকালের হতাশাজনক ম্যাচটির পর তিনি বলেছেন, ‘প্রত্যেক বিভাগেই আমাদের পারফরমেন্স অনেক খারাপ ছিল। শুধু রক্ষণভাগকে দায়ী করলে সেটা খুবই অন্যায্য ব্যাপার হবে। আমাদের খেলায় কোন গতি ছিল না, কোন সৃজনশীলতা ছিল না। ইপসউইচকে আমাদের থেকে অনেক উজ্জ্বল মনে হয়েছে। আমি আলাদা করে কারো সমালোচনা করতে চাই না। সামগ্রিকভাবে একটা দল হিসেবে আমরা ভালো খেলতে পারি নি।’আর্সেনালের রক্ষণভাগ সামলানোর জন্য এই মুহূর্তে জোহান জোরু ও লরেন্ত কোসিলনি ছাড়া আর কোন অভিজ্ঞ খেলোয়াড়কে পাচ্ছেন না ওয়েঙ্গার। এখন হয়ত তিনি ওয়েস্ট হামের ম্যাথু উপসন বা বোল্টনের গ্যারি কাহিলকে দলে টানার বিষয়টি ভালোভাবেই বিবেচনা করবেন। আর এই ম্যাচটাকে ওয়েঙ্গার দেখছেন আর্সেনালের ভবিষ্যতের জন্য একটা গুরুতর সতর্কবার্তা হিসেবে। তিনি বলেছেন, ‘আমরা একটা ভালো সতর্কবার্তা পেলাম। তবে আশা করছি দ্বিতীয় লেগে আমরা আর কোন ভুল করব না। আমি এখনও আত্মবিশ্বাসী।’ নিজেদের মাঠে দ্বিতীয় লেগে আর্সেনাল হয়ত ইপসউইচকে হারিয়ে ফাইনালে চলেও যেতে পারবে। কিন্তু সাম্প্রতিককালের এই দৈন্যদশা কাটিয়ে উঠতে এর চেয়েও বেশি কিছু করতে হবে গানারদের!— দ্য টেলিগ্রাফ