আর্সেনাল ও সিটির জয়
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধানটা ৩ পয়েন্টে নামিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। কাল ঘরের মাঠে গ্যারেথ ব্যারির শেষ মুহূর্তের গোলে রিডিংকে নাটকীয়ভাবে ১-০ গোলে হারিয়েছে সিটি। এই জয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট হলো রবার্তো মানচিনির দলের। এক ম্যাচ কম খেলা ইউনাইটেডের পয়েন্ট ৪২।দিনের অন্য এক ম্যাচে উইগানকে ১-০ গোলে হারিয়ে টানা তিন জয় পেয়েছে আর্সেনাল। জয়টা পেতে অবশ্য পোড়াতে হয়েছে বিস্তর কাঠখড়। ম্যাচের একমাত্র গোল আসে ৬০ মিনিটে। বক্সের ভেতর আর্সেনালের থিও ওয়ালকটকে ফেলে দিয়েছিলেন উইগানের জঁ বসেজোঁ। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দুবার ভাবেননি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকায়েল আরতেতা। ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নও উজ্জ্বল হয়েছে আরও।সিরি ‘আ’র ম্যাচে হোঁচট খেয়েছে ইন্টার মিলান। তলানির ক্লাব জেনোয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। ম্যাচটা হেরেও যেতে পারত ইন্টার। খেলা শেষের পাঁচ মিনিট আগে অভিজ্ঞ এস্তেবান ক্যাম্বিয়াসোর গোলে হার ঠেকিয়েছে নেরাজ্জুরিরা। এএফপি, ওয়েবসাইট।