আর্সেনাল, জুভেন্টাস আর বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটটা যেন মহামারির মতো হানা দিয়েছে আর্সেনালে। অ্যারন রামসে, থিও ওয়ালকট, ম্যাথু ফ্লামিনি, জ্যাক উইলশেয়াররা চোটাঘাতে দলের বাইরে। কদিন আগে দলে আসার পরই এক মাসের জন্য ছিটকে গেছেন কিম কার্লস্ট্রম। দুশ্চিন্তা তাই আর্সেন ওয়েঙ্গারের ছিলই। তবে পরশু অভিজ্ঞদের অভাবটা বুঝতে দিলেন না অ্যালেক্স অক্সলেইড চেম্বারলেইন। এই তরুণ মিডফিল্ডারের জোড়া গোলে পরশু ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

নিজেদের মাঠে ম্যাচ, প্রতিপক্ষ অবনমনের শঙ্কায় থাকা প্যালেস। প্রথমার্ধে অবশ্য আর্সেনাল গোল করতে পারেনি। ৪৭ ও ৭৩ মিনিটে গোল করে জয়টা নিশ্চিত করেছেন চেম্বারলেইন। সেই সঙ্গে এক ম্যাচের জন্য হলেও শীর্ষে উঠে গেল আর্সেনাল। কাল অবশ্য ম্যানচেস্টার সিটি চেলসিকে হারিয়ে থাকলে আবার উঠে যাবে শীর্ষে।

ইংল্যান্ডে শিরোপা লড়াই যতটা জমজমাট, ইতালিতে সেটির উত্তেজনা ততটাই থিতিয়ে আসছে। সিরি ‘আ’তে জুভেন্টাস যেমন খেলছে, তাতে তাদের কেউ থামাতে পারবে বলেও মনে হয় না। পরশু ডার্বি ডি ইতালিয়ায় ইন্টার মিলানও পাত্তা পেল না তাদের কাছে। ৩-১ গোলে জিতে শীর্ষে নিজেদের অবস্থানটা আরও পোক্ত করেছে তুরিনের বুড়িরা। গোল করেছেন লিখস্টেইনার, কিয়েল্লিনি ও ভিদাল। দ্বিতীয় স্থানে থাকা রোমার সঙ্গে জুভেন্টাসের (৫৯) ব্যবধান এখন ৯ পয়েন্ট। ৩৩ পয়েন্ট নিয়ে ইন্টার আছে ছয়ে।

ইতালিতে যেমন জুভেন্টাস, জার্মানিতে তেমন বায়ার্ন মিউনিখ। পরশু আলিয়াঞ্জ আরেনায় বায়ার্ন ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। পাঁচটি গোল করেছেন আলাদা পাঁচজন—গোটশে, রিবেরি, রোবেন, দান্তে ও মানজুকিচ। নিজেদের মাঠে মৌসুমে ১০ ম্যাচের ১০টিই জিতল বায়ার্ন। দ্বিতীয় লেভারকুসেনের সঙ্গে এখনই তাদের ব্যবধান ১৩ পয়েন্ট! এএফপি।