আর্সেনাল মানেই দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল যেন দিদিয়ের দ্রগবার ‘প্রিয় শত্রু’! এই দলটিকে পেলেই গোল করার উদগ্র বাসনা জাগে চেলসির আইভরিয়ান স্ট্রাইকারের। পরশুও আর্সেনালের বিপক্ষে চেলসির হয়ে গোল করলেন দ্রগবা। আরেকটি গোল করলেন সঙ্গী ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স। স্টামফোর্ড ব্রিজে আর্সেনালকে ২-০ গোলে হারাল চেলসি।চেলসির ঠিক উল্টো ভাগ্য হয়েছে লিভারপুলের। নিজেদের মাঠে প্রিমিয়ার লিগে নবাগত ব্ল্যাকপুলের কাছে ২-১ গোলে হেরেছে ‘অল রেড’রা। ইউরোপিয়ান ফুটবলে পরশুর রাতটি লজ্জার ছিল বায়ার্ন মিউনিখের জন্যও। বরুশিয়া ডর্টমুন্ড ২-০ গোলে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নদের।চেলসির মাঠে আর্সেনালের তরুণ দলটি ভালোই খেলছিল। ম্যাচের ২ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যেতে পারত ‘গানার’রা। প্রথমে মারুয়ানে চামাক চেলসির গোলরক্ষক পিওতর চেককে একা পেয়েও গোল করতে পারেননি। লরাঁ কসিয়েলনির ৬ গজ দূরের হেড চলে যায় বারের ওপর দিয়ে। এই দুর্ভাগ্যই যেন পরে পেয়ে বসল আর্সেনালকে।তবে চেলসি প্রথম পাওয়া সুযোগটিকেই কাজে লাগিয়েছে। ৩৯ মিনিটে দ্রগবার গোলে এগিয়ে গেছে তারা। আর্সেনালের বিপক্ষে ১১ ম্যাচে এটি তাঁর ১৩তম গোল। অ্যালেক্সের শেষ মুহূর্তের গোলে ব্যবধান দ্বিগুণ করেছে ‘ব্লু’রা। আর্সেন ওয়েঙ্গার আর কী বলবেন? তরুণ দলের জন্য দুঃখ প্রকাশ করলেন আর্সেনাল কোচ, ‘আমি আমার দলটির জন্য দুঃখিত। আমরা ভালো খেলেও হেরেছি।’লিভারপুল কোচ রয় হজসনের অবশ্য তাঁর দলের জন্য দুঃখ প্রকাশ করার মতো কিছু ঘটেনি। উল্টো সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন দলের ডাচ ফরোয়ার্ড ডির্ক কিউট, ‘ফলটা সত্যিই হতাশাজনক। সমর্থকদের কাছে আমরা দুঃখিত।’বায়ার্ন মিউনিখ কোচ লুই ফন গল অবশ্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া—কোনোটিই করেননি। তিনি শুধু নিজেদের দুরবস্থার কথাই জানিয়েছেন, ‘আমরাই আমাদের বিপদের মধ্যে ঠেলে দিয়েছি।’ এএফপি, রয়টার্স।