আর্সেনাল-লিভারপুলের চারে ওঠার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলেরই গত সপ্তাহটা কেটেছে দারুণ। ছয় বছরের শিরোপা-খরা ঘুচিয়ে লিভারপুল জিতেছে লিগ কাপ। অন্যদিকে, প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-২ গোলে জিতেছে আর্সেনাল। শিরোপা-লড়াই থেকে ছিটকে পড়া দল দুটি আজ প্রিমিয়ার লিগে মুখোমুখি। অ্যানফিল্ডের ম্যাচের আগে দুদলেরই লক্ষ্য এক ও অভিন্ন। জয় এবং শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগ-স্বপ্ন বাঁচিয়ে রাখা।গত রোববার এমিরেটসে টটেনহামের বিপক্ষে পাওয়া জয় আর্সেনালকে কতটা উদ্দীপ্ত করতে পারে সেটা দেখার বিষয়। এই মৌসুমে অনেক বারই মনে হয়েছে, এই বুঝি কাটছে আর্সেনালের দুঃসময়, আর্সেন ওয়েঙ্গারের দলের নতুন সূর্যোদয় হচ্ছে। কিন্তু দুদিন পরই মিলিয়ে গেছে সেই আশা। আর্সেনাল আবার ফিরে গেছে ব্যর্থতার বৃত্তে। আজ জিতলে তৃতীয় স্থানে থাকা টটেনহামের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান থাকবে আর্সেনালের। আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে টটেনহামের সঙ্গে। লিভারপুল আছে পয়েন্ট টেবিলের সাতে। লিগ কাপ জিতেই নিশ্চিত হয়েছে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা। তবে কেনি ডালগ্লিসের দলের লক্ষ্য, শেষ চারে থেকে লিগ শেষ করে চ্যাম্পিয়নস লিগে খেলা। আজ হেরে গেলে চতুর্থ স্থানের দল আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়বে তারা।ডালগ্লিস অবশ্য তাড়াহুড়ো করতে চান না, ধীরে ধীরেই লক্ষ্য পূরণ করতে চান, ‘আমরা পয়েন্ট বাড়াতে চাই আর দেখতে চাই কতদূর যেতে পারি। আমি পয়েন্টের দিকে তাকাচ্ছি না। আমি জানি, শনিবার (আজ) আর্সেনালকে সামনে পাচ্ছি। এখন এটাই আমাদের কাজ।’আজ সংশয় আছে স্টিভেন জেরার্ডের খেলা নিয়ে। ইংল্যান্ডের হয়ে প্রীতি ম্যাচ খেলার সময় পায়ের পেশিতে টান পড়েছে লিভারপুল অধিনায়কের। হল্যান্ডের বিপক্ষে ২-৩ গোলে হারা ম্যাচটির প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ইংল্যান্ড মিডফিল্ডার। ওই ম্যাচ থেকেই কুঁচকির সমস্যা নিয়ে ফিরেছেন আর্সেনালের ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সিও। তাই আর্সেনাল অধিনায়কেরও খেলা নিয়ে রয়েছে সংশয়। আজ বোল্টনের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি, ওয়েস্টব্রমের বিপক্ষে চেলসি। আজ জিতলে একদিনের জন্য হলেও ম্যানইউর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে যাবে সিটি। আগামীকাল টটেনহামের বিপক্ষে খেলা ম্যানইউর। এএফপি।