আর্সেনাল-সিটির মনোযোগ এবার লিগে
এক দিন আগে-পরে, এই যা। নয়তো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের হয়েছে একই পরিণতি। মঙ্গলবার সিটি ২-০ গোলে হেরেছে বার্সেলোনার কাছে। বুধবার বায়ার্ন মিউনিখের কাছে আর্সেনালের হারটাও একই ব্যবধানে। ম্যাচ শেষে সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির মতো আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও ক্ষোভ ঝেড়েছেন রেফারির ওপর। কিন্তু তাতে কী আর পরাজয়ের হতাশা কমে? দুঃখটা যা ভুলিয়ে দিতে পারে সেই জয়ের খোঁজে আজই ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমে পড়ছে সিটি ও আর্সেনাল।
ভেন্যু সেই ইতিহাদ স্টেডিয়াম আর এমিরেটসই। নিজেদের মাঠ সিটির প্রতিপক্ষ স্টোক সিটি। এমিরেটসে আর্সেনালের সামনে অবনমন এলাকায় থাকা সান্ডারল্যান্ড। আজ মাঠে নামছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডও। চেলসির প্রতিপক্ষ এভারটন। ইউনাইটেড যাবে ক্রিস্টাল প্যালেসের মাঠে। চেলসি-ইউনাইটেডের জন্য আজকের ম্যাচটা আবার চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতির মঞ্চও। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর প্রথম লেগ খেলতে ইউনাইটেড যাবে গ্রিসের অলিম্পিয়াকসের মাঠে। বুধবার চেলসির প্রতিপক্ষ তুর্কি ক্লাব গ্যালাতাসারাই। জয় দিয়েই নিশ্চয় প্রস্তুতিটা সারতে চাইবে ডেভিড ময়েস ও হোসে মরিনহোর দল।
প্রিমিযার লিগে শীর্ষ স্থান নিয়ে অনেক দিন ধরেই চলছে মিউজিক্যাল চেয়ার খেলা। যে খেলায় বর্তমানে শীর্ষে চেলসি। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে সিটি। এ অবস্থায় যাদের পা হড়কাবে, পিছিয়ে পড়বে তারাই। থাকছে ব্যক্তিগত হিসাব-নিকাশও। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে আর্সেনালের হারের বড় দায় এক জার্মানেরই। পেনাল্টি মিস করেছিলেন মেসুত ওজিল। সে জন্য ওজিল ফেসবুকে ক্ষমাও চেয়েছেন। কোচ ওয়েঙ্গার জার্মান মিডফিল্ডারকে ‘মনের ভূত’ তাড়াতে দারুণ কিছু করে দেখাতে অনুপ্রাণিত করছেন, ‘সে ওটা ভুলে গেছে কি না? অবশ্যই নয়। কারণ ওই রকম একটা ঘটনা ভুলতে ৪৮ ঘণ্টা খুবই কম সময়। তবে হতাশা কাটিয়ে ওঠাটাও দায়িত্বেরই অংশ।’ এএফপি।