আর্সেনালই শীর্ষে
জয় দিয়েই নতুন বছর শুরু করল আর্সেনাল। কাল নিজেদের মাঠে শেষ মুহূর্তের দুই গোলে কার্ডিফ সিটিকে হারিয়ে শীর্ষস্থানটাও ধরে রেখেছে আর্সেন ওয়েঙ্গারের দল। এর আগে ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচটিতে সোয়ানসি সিটিকে ৩-২ গোলে হারিয়ে ঘণ্টা দুয়েকের জন্য শীর্ষে উঠে গিয়েছিল ম্যানচেস্টার সিটি।
১৪ মিনিটেই সিটিকে এগিয়ে দিয়েছিলেন ফার্নান্দিনহো। ৪৫ মিনিটে উইলফ্রায়েড বনির গোলে সমতা আনে সোয়ানসি। বিরতির পর ইয়া তোরে আর আলেক্সান্ডার কোলারভের পর পর দুই গোলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সিটি। যোগ হওয়া সময়ে বনির দ্বিতীয় গোলে শুধু ব্যবধানই কমেছে। এমিরেটসে প্রথম গোলের দেখা পেতে ৮৮ মিনিট অপেক্ষা করতে হয়েছে গানারদের। বেন্টনারের ওই গোলের পর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ওয়ালকট।
সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে চেলছি। গোল করেছেন তোরেস, উইলিয়ান ও অস্কার। দুই ম্যাচ পর গোল পেয়েছেন লুইস সুয়ারেজ, জয়ে ফিরেছে তাঁর দল লিভারপুলও। হাল সিটিকে ২-০ গোলে হারিয়ে চারে উঠে এসেছে অল রেডরা। অপর গোলটি ড্যানিয়েল অ্যাগারের। এএফপি।