আর্সেনালকে আধডজন গোল চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখাচ্ছেন একটি। উহু, অস্কারের গোল আসলে দুটি! ছবি: রয়টার্স
দেখাচ্ছেন একটি। উহু, অস্কারের গোল আসলে দুটি! ছবি: রয়টার্স

আর্সেন ওয়েঙ্গারের আজ ১০০০তম ম্যাচ। দুদিন আগেই জানিয়েছিলেন, সহস্রতম ম্যাচটি জিতেই উদযাপন করতে চান। কোথায় কী! ‘লন্ডন ডার্বি’তে উল্টো আধডজন গোল হজম করতে হলো গানার গুরুকে। দিনটি বিশেষই হয়ে রইল বটে, তবে স্মরণকালের অন্যতম ‘খারাপ দিন’ হিসেবে। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মাঠে ৬-০ ব্যবধানে হেরেছে আর্সেনাল।

‘ব্লু’দের গোলের ঢাকনা খোলেন স্যামুয়েল ইতো, ম্যাচের ৫ মিনিটেই। ২ মিনিট পরে আন্দ্রে শুরলের গোল। এরপর ১৫ মিনিটে লাল কার্ড খেয়ে বসেন আর্সেনালের কাইরন গিবস। যদিও গিবসের লাল কার্ড নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। পেনাল্টি থেকে গোল করে ১০ জনের দলে পরিণত হওয়া আর্সেনালের বুকে আরেকটি শেল মারেন চেলসির ইডেন হ্যাজার্ড। ৪২ মিনিটে  অস্কারের গোলে প্রথমার্ধেই চেলসির স্কোরলাইন ৪: ০।

বিরতির পর, ৬৬ মিনিটে আবারো অস্কার। ‘অনেক হয়েছে, আরেকজনকে গোল করার সুযোগ দাও’—এমন ভাবনাতেই কি না, ৬৭ মিনিটে অস্কারকে তুলে নিলেন মরিনহো। বদলি হিসেবে নামালেন মোহামেদ সালাহকে। ৭১ মিনিটে সালাহর গোল! ম্যাচ শেষে স্কোরলাইন চেলসি ৬: আর্সেনাল ০।          

লিগে ৩১ ম্যাচ খেলে ৬৯ পয়েন্টে চেলসির অবস্থান শীর্ষে। ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। তবে প্রতিবেদন লেখার সময় ফুলহামের বিপক্ষে ম্যান সিটির ম্যাচটি চলছিল। সিটি এ ম্যাচে জিতলে আর্সেনাল চলে যাবে চারে আর দুইয়ে উঠে আসবে সিটি।