আর্সেনালকে পেপে রেইনার দান
গোল বাঁচানো তাঁর কাজ। সেটা করতে গিয়েই পেপে রেইনা বল দুহাতে ঠেলে দিলেন নিজেদের জালে! লিভারপুলের জালে আত্মঘাতী গোল! খেলার অন্তিম সময়ে অপ্রত্যাশিত পথে আসা এই গোলে হাঁফ ছেড়ে বাঁচল শিরোপার দাবি নিয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামা আর্সেনাল। জয় উৎসবের প্রস্তুতি নিতে শুরু করা লিভারপুল মাঠ ছাড়ল একরাশ হতাশা নিয়ে। মৌসুমের শুরুতেই দুই জায়ান্ট আর্সেনাল-লিভারপুলের ম্যাচ ১-১ গোলে ড্র।দ্বিতীয়ার্ধের শুরুর মিনিটেই গোল করে ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলকে এগিয়ে (১-০) দেন ডেভিড এনগগি। দুদলই ১০ জনের দলে পরিণত হওয়া ম্যাচে আর্সেনাল সমতায় ফেরে ৯০ মিনিটে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য রেইনার ওই ভুলে। প্রথমার্ধের শেষ মিনিটে অভিষেক ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি থেকে লিভারপুলে আসা জো কোল। কোলের মতোই আর্সেনালের অভিষেকেই লাল কার্ড দেখেন লরাঁ কসচিয়েনি। এই ফরাসি লাল কার্ড পেয়েছেন ইনজুরি সময়ে। এদিকে পরশু ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দিনেই হয়তো একটা বার্তা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড—চেলসিকে পেছনে ফেলে শিরোপা পুনরুদ্ধার করাটা কঠিনই হবে। লিগের প্রথম দিনেই চেলসি ওয়েস্ট ব্রমইউচকে হারিয়েছে ৬-০ গোলে। ম্যাচ শেষেই চেলসি কোচ আনচেলত্তি বলেছেন ‘এটা আসলে আমাদের জন্য একটা বার্তা, অন্য দলগুলোর জন্য নয়।’ চেলসির জন্য এটা কীসের বার্তা? প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে যাকে বলতে হয়েছে, ‘আমরা আসলে তৈরি নই’, সেই আনচেলত্তিই এখন বলতে পারছেন, ‘আমরা জানতাম, সবাই ছুটি কাটিয়ে ফিরে এলে আমরা নিজেদের ফিরে পাব।’ নিজেদের দারুণভাবেই ফিরে পেয়েছে চেলসি। বিশ্বকাপ খেলে আসা খেলোয়াড়েরাই এই বড় জয় এনে দিয়েছেন। ছয় গোলের তিনটি করেছেন দিদিয়ের দ্রগবা, দুটি ফ্রান্সের ফ্লোরেন্ত মালুদা আর একটি করেছেন ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।শুভসূচনা করেছে নবাগত ব্ল্যাকপুলও। প্রিমিয়ার লিগে অভিষেকেই উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে হারিয়েছে তারা। জয় দিয়ে লিগ শুরু করেছে অ্যাস্টন ভিলা, ব্ল্যাকবার্ন, উলভসও। ভিলা ৩-০ গোলে ওয়েস্টহ্যামকে, ব্ল্যাকবার্ন ১-০ গোলে এভারটনকে এবং উলভস জিতেছে স্টোকের বিপক্ষে (২-১)।তবে জয় দিয়ে শুরু করতে পারেনি দলবদলের বাজার তাতিয়ে আসা ম্যানচেস্টার সিটি। টটেনহাম হটস্পারের বিপক্ষে ড্র করে মাঠ ছেড়েছে তারা। দলের ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি তার পরও খুশি। এএফপি।