আর্সেনালকে সমীহ গার্দিওলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক এই মুহূর্তে দুই দলের অবস্থান দেখলে হিসাবটা এ রকম— ইংল্যান্ডের সেরা দল বনাম ইউরোপের সেরা দল।

প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন মিউনিখ কি একটু বেশি কঠিন হয়ে গেল আর্সেনালের জন্য?  বায়ার্নের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় জবাবটা ‘হ্যাঁ’বোধকই। তবে ভুলে যাবেন না, আর্সেনালই প্রথম দল, যারা এ বছর আলিয়েঞ্জ অ্যারেনায় গিয়ে বায়ার্নকে হারিয়েছে।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলের জয়ের পরও দুই লেগ মিলিয়ে বিদায় নিতে হয়েছিল আর্সেনালকে। তবে নিজেদের সামর্থ্য প্রমাণ করে এসেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। তখনো বায়ার্নের কোচ হননি গার্দিওলা, কিন্তু আর্সেনালের সামর্থ্য দেখেছিলেন সাবেক বার্সা কোচও। সে কারণেই এবারের শেষ ষোলোতে আরও একবার আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের জন্য সমীহ গার্দিওলার কণ্ঠে, ‘আমি আর্সেন ওয়েঙ্গারকে ভালো করে চিনি, তাঁর দলটাকেও জানি। শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে ওরা সবচেয়ে কঠিন।’

আর্সেনালকে নিয়ে বাড়তি সতর্ক থাকার উপদেশ সাবেক বায়ার্ন কোচ ওটমার হিজফেল্ডেরও, ‘গত মৌসুমে বায়ার্ন হয়তো ওদের হালকাভাবে নিয়েছিল। কিন্তু আমার মনে হয় ওরা সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে।’

পরপর দুবার শেষ ষোলোতে বায়ার্ন, তার আগের বছর মিলান, তার আগে বার্সেলোনা। নকআউট পর্বে এমন কঠিন প্রতিপক্ষের সামনে পড়া যেন আর্সেনালের ভাগ্যের লিখন। তবে ভালো খেলেই এই ‘দুর্ভাগ্য’কে জয় করার প্রত্যাশা আর্সেনালের সাধারণ সম্পাদক ডেভিড মাইলসের, ‘কোনো না কোনো ধাপে গিয়ে আমাদের ভাগ্য বদলাবেই। গত বছর ওরা (বায়ার্ন) অনেক কষ্টে অ্যাওয়ে গোলে জিতেছে। এবার আমরা আশাবাদী।’ ওয়েবসাইট।