আর্সেনালকে সেই পার্সিরই আঘাত
ম্যাচ শুরুর আগে মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন রবিন ফন পার্সি। ওল্ড ট্রাফোর্ডের টানেল দিয়ে যখন উঠছিলেন, তখন পুরোনো সতীর্থদের সঙ্গে সৌহার্দ্য বিনিময়ও করলেন। আর্সেনাল খেলোয়াড়দের জন্য কিন্তু সেই পার্সিই প্রথম আঘাত হেনেছেন। ম্যাচ শুরুর তিন মিনিটের মাথাতেই তিনি এগিয়ে দেন ইউনাইটেডকে। ইউনাইটেডের রাইটব্যাক রাফায়েল ক্রস দিয়েছিলেন আর্সেনালের বক্সে। কিন্তু গানারদের ডিফেন্ডার টমাস ভার্মেলেনের ভুলে বলটা পেয়ে যান পার্সি। ডান পায়ের শটে গোল করতে কোনো ভুল করেননি এই ডাচ স্ট্রাইকার। তবে গোল করার পর স্বভাবসুলভ উদ্যাপন তিনি করেননি। পুরোনো ক্লাবের প্রতি এতটুকু সৌজন্য না দেখালে সেটা হয়তো অন্যায়ই হতো। এমনকি বিরতির সময় শুভেচ্ছা বিনিময়ও করেন সাবেক গুরু আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে। তবে ম্যাচটা শেষমেশ পার্সিময় হয়ে থাকেনি। ২-১-এ ইউনাইটেড ম্যাচটা জিতেছে বটে, তবে স্কোরলাইনটা অন্য রকম হতেই পারত। প্রথমার্ধে ইউনাইটেডই ছড়ি ঘুরিয়েছিল বেশি। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টিও পায় স্বাগতিকেরা। অ্যাশলি ইয়াংয়ের ক্রস আর্সেনাল সান্তি কাজোরলা হাত দিয়ে ঠেকিয়ে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে এগিয়ে আসেন ওয়েইন রুনি। কিন্তু ওল্ড ট্রাফোর্ড দর্শকদের হতভম্ব করে মারেন বারের অনেক বাইরে দিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচটাকে পকেটে পুরে ফেলার আরেকটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ইউনাইটেডের আন্তোনিও ভ্যালেন্সিয়া। কিন্তু সামনে ফাঁকা পোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে বলটা মারেন বাইরে। কপাল ভালো ইউনাইটেডের, এমন অমার্জনীয় দুটি ভুলের পরও শেষমেশ পেয়েছে দ্বিতীয় গোল। ৬৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে রুনি ক্রস করেছিলেন বক্সে। লাফিয়ে উঠে প্যাট্রিস এভরা হেড করে আর্সেনালের কফিনে ঠুকে দেন শেষ পেরেক। দুই গোলে পিছিয়ে থাকার পর কোথায় গোল পরিশোধে আর্সেনাল মরিয়া হয়ে উঠবে, সেখানে দুই মিনিট পরেই পরিণত হয় ১০ জনে। দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় জ্যাক উইলশেয়ারকে। আর্সেনাল অবশ্য ১০ জন নিয়ে খুব খারাপ তো খেলেইনি, উল্টো শোধ করে দেয় একটি গোল। ম্যাচের একদম শেষ মুহূর্তে বক্সের ভেতর থেকে দারুণ এক শটে ব্যবধান কমান কাজোরলা। কিন্তু গোল করার পরপরই রেফারি শেষ বাঁশি বাজালে ভগ্নমনোরথ হয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনাল খেলোয়াড়দের। এই জয়ে শীর্ষে উঠে গেছে ফার্গুসনের দল। গতকাল অন্য ম্যাচে চেলসি সোয়ানসি সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করায় শীর্ষে ইউনাইটেড। অবশ্য কাল রাতেই ওয়েস্ট হামের বিপক্ষে ৩ গোলের বেশি ব্যবধানে জিতলে শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ওয়েবসাইট।