আর্সেনালে চার ‘নতুন’
মৌসুমের শুরু থেকেই মহা চাপে আর্সেন ওয়েঙ্গার। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৮-২ গোলে পরাজয়ের পর চাপটা মনে হচ্ছে অসহনীয়। নতুন খেলোয়াড় কিনেই ভালো সমাধান খুঁজতে পারতেন আর্সেনাল কোচ। দলবদলের শেষ দিনে চারজন খেলোয়াড় তিনি কিনেও এনেছেন এমিরেটসে। তবে এখনো চাপ সরেনি তাঁর ওপর থেকে। বরং ডেকে এনেছেন বাড়তি সমালোচনা।মাইকেল আরটেটা, আন্দ্রে সান্তোস, ইয়সি বেনায়ুন, পার মার্টেসেকার—এই চারজনকে আর্সেনালে নিয়ে এসেছেন ওয়েঙ্গার। তবে এই নামগুলো দেখে মোটেও সন্তুষ্ট হতে পারছে না আর্সেনালের সমর্থকেরা, সন্তুষ্ট নন ক্লাবের সাবেক তারকাদের অনেকে। এ নিয়ে সমালোচনাও শুরু হয়ে গেছে।সাবেক অধিনায়ক ফ্রাঙ্ক ম্যাকলিনটক বলেছেন, ‘নামগুলো দেখে আমি মুগ্ধ হতে পারিনি। তবে আশা করি, তারা ভালো করবে। আমি সমালোচনা করতে চাচ্ছি না, তাদের প্রতি সমর্থনই আছে আমার।’সেস ফ্যাব্রিগাস আর সামির নাসরির চলে যাওয়া নিয়ে সমালোচনাটা এখন একটু স্তিমিত। ম্যাকলিনটকও এ নিয়ে কথা বলেননি। তবে ক্লাবের আয়-ব্যয়ের হিসাবটা সামনে নিয়ে এসেছেন আর্সেনালের সাবেক উইঙ্গার, ‘আমার মনে হয়, ট্রান্সফার থেকে আমরা এবার ৭০ মিলিয়ন পাউন্ড পেয়েছি। কিন্তু ছুটছি দ্বিতীয় সারির খেলোয়াড়দের পেছনে।’নতুন চারজনকে এমিরেটসে নিয়ে আসতে মাত্র ২৪ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে আর্সেনালের। এভারটন মিডফিল্ডার আরটেটার জন্য ১০ মিলিয়ন পাউন্ড, ব্রাজিলিয়ান ফুলব্যাক সান্তোসকে পেতে খরচ করেছে ৬.২ মিলিয়ন ও ভেরডার ব্রেমেনের সেন্টারব্যাক মার্টেসেকারের জন্য ৮ মিলিয়ন পাউন্ড। আর চেলসি মিডফিল্ডার বেনায়ুনকে এক মৌসুমের জন্য ধারে নিয়েছে আর্সেনাল। এদিকে রিয়াল মাদ্রিদ কমিয়েছে দলের ভার। মরিনহোর কাছে ব্রাত্য হয়ে পড়া তিনজন আর্জেন্টিনার ফার্নান্দো গ্যাগো, হল্যান্ডের রয়স্টন ডেরেন্থে ও স্পেনের পেদ্রো লিওকে ছেড়ে দিয়েছে রিয়াল। এএফপি।