আর্সেনালে যেতে চেয়েছিলেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালে যেতে ঘনিষ্ট বন্ধু সেস্ক ফ্যাব্রিগাসের সঙ্গে নাকি আলাপও করেন মেসি।
আর্সেনালে যেতে ঘনিষ্ট বন্ধু সেস্ক ফ্যাব্রিগাসের সঙ্গে নাকি আলাপও করেন মেসি।


গত মৌসুমটা লিওনেল মেসির জন্য শূন্যতা, হাহাকারে ভরা। বার্সেলোনাকে এনে দিতে পারেননি চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা ডেল রে—বড় শিরোপার একটিও। জিতেছেন কেবল স্প্যানিশ সুপার কাপটাই। মাঠের বাইরে নানা গুঞ্জন ভেসেছে তখন। তবে সবচেয়ে চমক জাগানিয়া খবর হচ্ছে, মেসি নাকি ওই সময় বার্সা ছেড়ে আর্সেনালে পাড়ি জমাতে চেয়েছিলেন! বোমাটা ফাটিয়েছে স্পেনের পত্রিকা ‘ভোজপোপিউল’।
গত মৌসুমের শেষ দিকে মেসির সঙ্গে বার্সার বেতন বৃদ্ধি-সংক্রান্ত আলোচনায় ঠিক বনিবনা হচ্ছিল না বলে খবর আসে। এমনও শোনা যায়, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বেতন কম বলে নাকি ‘অসন্তুষ্টি’ কাজ করেছে তাঁর মধ্যে। ‘ভোজপোপিউল’ জানিয়েছে, এ সময়ে মেসি নাকি আর্সেনালে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করেন। এমনকি এ ব্যাপারে ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘ দিন আর্সেনালে খেলে আসা সেস্ক ফ্যাব্রিগাসের সঙ্গে আলাপও করেন।
তবে ভাবনা এ পর্যন্তই সীমাবদ্ধ থাকে, যখন বেতন-সংক্রান্ত সমস্যার সুরাহার উদ্যোগ নেয় বার্সা কর্তৃপক্ষ। মেসি এখন বিশ্বে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এর অর্ধেক পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় একজনও নেই আর্সেনালে। সম্প্রতি আর্সেন ওয়েঙ্গার অবশ্য খেলোয়াড়দের বেতন-কাঠামো পরিবর্তনে সুপারিশ করেছেন।
ফলে মেসির মাপের একজন তারকার ভার আর্সেনাল টানতে পারত কি না, এ নিয়ে একটা সংশয় দেখা যাচ্ছে। তবে খবরটা একেবারে উড়িয়ে দেওয়ায় যাচ্ছে না। কারণ এই পত্রিকাটিই প্রথম ফাঁস করেছিল, বার্সা ছেড়ে গানার শিবিরে ভিড়ছেন অ্যালেক্সিস সানচেজ। সূত্র: ব্লিচার রিপোর্ট, মেট্রো।