আর্সেনালেই থাকবেন পোডলস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনালের জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কিকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ইতালিয়ান লিগ শিরোপাজয়ী জুভেন্টাস। এখনই আর্সেনাল ছাড়ার ইচ্ছা না থাকলেও এই খবর শোনার পর কিছুটা উচ্ছ্বাসই প্রকাশ করেছেন পোডলস্কি। জুভেন্টাসের আগ্রহের কথা শুনে সম্মানিত বোধ করছেন বলেও জানিয়েছেন ২৭ বছর বয়সী এই জার্মান ফুটবলার।গত বছর জার্মান ক্লাব কোলন থেকে আর্সেনালে যোগ দেন লুকাস পোডলস্কি। খুব অল্প সময়ের মধ্যেই গানারদের আক্রমণভাগের প্রধান সেনানী হয়ে ওঠেন তিনি। সম্প্রতি পোডলস্কিকে আর্সেনালের ‘সেরা ফিনিশার’ বলেও মন্তব্য করেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। এবারের মৌসুমে তাঁর পা থেকে এসেছে ১১টি গোল। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস তাঁকে দলে ভেড়ানোর চিন্তাভাবনা করছে—এই খবরে সম্মানিত বোধ করলেও এ মুহূর্তে হয়তো আর্সেনাল না ছাড়ারই সিদ্ধান্ত নেবেন পোডলস্কি। ‘বিল্ড’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এ ধরনের প্রস্তাব সব সময়ই আসে। আমার ওপর এর কোনো প্রভাব পড়বে না। তবে অবশ্যই এই প্রস্তাবে আমি সম্মানিত বোধ করছি। আর্সেনালের সঙ্গে আমার চুক্তি এখনো শেষ হয়নি; ফলে এ মুহূর্তে ক্লাব ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই, যদিও ফুটবল-বাণিজ্যে এ ধরনের অনেক ব্যাপারই গ্রহণযোগ্য।’আর্সেনালের সঙ্গে পোডলস্কির বর্তমান চুক্তির মেয়াদ ২০১৬ সালের জুন পর্যন্ত। গোল ডটকম।