আর্সেনালেই থাকবেন ফ্যাব্রিগাস
সেস ফ্যাব্রিগাসকে ন্যু ক্যাম্পে আনার স্বপ্ন দেখা বন্ধই করতে হচ্ছে বার্সেলোনাকে। যাকে দলে আনার জন্য এত স্বপ্ন সেই ফ্যাব্রিগাসই জানিয়ে দিয়েছেন, আর্সেনাল ছাড়ছেন না তিনি! খবর বিবিসির।বেশ কিছু দিন থেকেই গুঞ্জন চলছে, আর্সেনাল ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যাচ্ছেন ফ্যাব্রিগাস। আর্সেনালের পক্ষ থেকে বরাবরই এ খবরকে অস্বীকার করে হয়েছে। কোনো মূল্যেই এই ফুটবলারকে বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়েছিল তারা। অন্যদিকে বার্সেলোনার মনোভাবটা ছিল এমন—আর্সেনাল থেকে এই স্প্যানিশকে আনবেই তারা। ক্লাব ছাড়ার প্রশ্নে এত দিন ফ্যাব্রিগাস নীরব থাকায় গুঞ্জনটা আরও ঘনীভূত হয়। তবে নীরবতা ভেঙে সমর্থকদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন আর্সেনালের এই অধিনায়ক, ‘প্রথমে আমি আর্সেনালের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভবিষ্যতের সিদ্ধান্তটা আগেই জানানো উচিত ছিল। আসলে এর আগমুহূর্ত পর্যন্ত ভবিষ্যত্ নিয়ে নিশ্চিত ছিলাম না আমি।’ক্ষমা চাওয়ার পরই নিজের ভবিষ্যত্টা খোলাসা করেন ফ্যাব্রিগাস, ‘আর্সেনালের কাছে, সমর্থকদের কাছে আমি ঋণী। আমি বুঝতে পারছি, এখানকার সবাই আমাকে চায়। তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রয়েছে আমার। আর্সেনালের সঙ্গেই নতুন মৌসুম শুরু করব আমি।’ বার্সেলোনায় না গেলেও ক্লাবটির প্রতি ভালোভাসার কথা জানিয়েছেন ফ্যাব্রিগাস, ‘এখানেই আমি ফুটবল খেলতে শিখেছি। এমন ফুটবলার খুঁজে পাওয়া কঠিন যে বার্সেলানোর মতো ক্লাবে খেলতে চায় না। ভবিষ্যতে আর্সেনাল ছাড়লে সব সময় আমার প্রথম পছন্দ থাকবে বার্সেলোনা।’