আর্সেনালের কাছাকাছি চেলসি-সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে গেলেন চেলসি অধিনায়ক জন টেরি। প্রিমিয়ার লিগে নিজের ৪০০তম ম্যাচে গোল, টেরির বাঁধভাঙা উল্লাসের কারণটা না বললেও চলে। উদ্যাপনে সঙ্গী গ্যারি কাহিল করেছিলেন প্রথম গোল। পরশু সাউদাম্পটনের সঙ্গে ম্যাচে   এএফপি
গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে গেলেন চেলসি অধিনায়ক জন টেরি। প্রিমিয়ার লিগে নিজের ৪০০তম ম্যাচে গোল, টেরির বাঁধভাঙা উল্লাসের কারণটা না বললেও চলে। উদ্যাপনে সঙ্গী গ্যারি কাহিল করেছিলেন প্রথম গোল। পরশু সাউদাম্পটনের সঙ্গে ম্যাচে এএফপি

সেই সেপ্টেম্বর থেকেই শীর্ষে আছে আর্সেনাল। কিন্তু শীর্ষ চারের বাকি তিনটি দল যেন খেলছে মিউজিক্যাল চেয়ার। পরশুই যেমন পরিবর্তন হলো আরেক দফা। হাল সিটির কাছে হেরে লিভারপুল দুই থেকে নেমে গেল চারে। আর নিজেদের ম্যাচ জিতে দুই ও তিনে উঠে এল চেলসি ও ম্যানচেস্টার সিটি। কে জানে, পরের সপ্তাহেই হয়তো পাল্টে যাবে এটা! আর এ জন্যই ইংলিশ প্রিমিয়ার লিগ এখনো উন্মুক্ত।
চেলসি পরশু ম্যাচটা শুরু করেছিল বাজেভাবে। মাইকেল এসিয়েনের ভুল পাস থেকে যখন সাউদাম্পটনের জে রদ্রিগেজ গোল করে বসেন, তখন ম্যাচের আয়ু মাত্র ১৫ সেকেন্ড! এই মৌসুমের চমক সাউদাম্পটন আরেকটা অঘটনেরই ইঙ্গিত দিয়েছিল।
সেটা হয়নি। চেলসি ফিরেছে দারুণভাবেই। ৫৫ মিনিটে গ্যারি কাহিলের গোলে সমতা ফেরায় চেলসি। সাত মিনিট পর দুর্দান্ত এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন জন টেরি। প্রিমিয়ার লিগে নিজের ৪০০তম ম্যাচ উদ্যাপন এর চেয়ে ভালোভাবে আর করতে পারতেন না চেলসি অধিনায়ক! শেষ দিকে ডেম্বা বার গোলে নিশ্চিত হয়ে যায়, লিভারপুলকে টপকে দুইয়ে উঠছে চেলসিই।
দল ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে, হোসে মরিনহো খুশি। তবে দল হিসেবে খেলতে পারাটাই চেলসি কোচকে আপ্লুত করছে বেশি, ‘দল ধাপে ধাপে এগোচ্ছে। সেই ইঙ্গিত আমি দেখছি। তারা আমার চিন্তাভাবনা, মানসিকতা বুঝতে পারছে। খেলোয়াড়েরা উন্নতি করছে।’
তুলনায় ম্যানচেস্টার সিটির জয়টা ছিল অনায়াস। সেটা অবশ্য হওয়ারই কথা, ঘরের মাটিতে সিটি তো এই মৌসুমে অপ্রতিরোধ্য। সোয়ানসিকে ৩-০ গোলে হারানো তাই বিস্ময় হয়ে আসেনি। দারুণ এক ফ্রি-কিক থেকে প্রথম গোল করেছিলেন আলভারো নেগ্রেদো। পরে জোড়া গোল করেছেন সামির নাসরি।
ম্যানুয়েল পেলেগ্রিনির কাছে জয়টা পরের দুই অ্যাওয়ে ম্যাচের অনুপ্রেরণা, ‘যেসব ম্যাচ আমরা হেরেছি, সেখান থেকে আরও কিছু পয়েন্ট আমাদের পাওনা ছিল। তবে আমাদের সামনে দুটি অ্যাওয়ে ম্যাচ আছে। প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে সেগুলো আমাদের জিততে হবে। এরপরই আমি বলতে পারব আমরা শীর্ষে উঠতে পারব কি না।’
সিটি-চেলসি এগিয়েছে, আর হোঁচট খেয়েছে লিভারপুল। হাল সিটির কাছে ৩-১ গোলের হারে বড় একটা দুঃসংবাদও পেয়েছেন ব্রেন্ডন রজার্স। এই মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা ড্যানিয়েল স্টারিজ মাঠের বাইরে চলে গেছেন আট সপ্তাহের জন্য। চোটের কারণে শুরু থেকে নামেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। রজার্স স্বীকার করলেন, ‘আমাদের দলটা দুজন বড় খেলোয়াড়ের শূন্যতা ঢাকার মতো যথেষ্ট বড় নয়।’ এএফপি।

পয়েন্ট তালিকা (শীর্ষ পাঁচ)
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
আর্সেনাল ১৩ ১০ ১ ২ ২৭/১০ ৩১
চেলসি ১৩ ৮ ৩ ২ ২৪/১১ ২৭
ম্যান সিটি ১৩ ৮ ১ ৪ ৩৭/১২ ২৫
লিভারপুল ১৩ ৭ ৩ ৩ ২৫/১৬ ২৪
এভারটন ১৩ ৬ ৬ ১ ২১/১৩ ২৪