আর্সেনালের কাছাকাছি হাডার্সফিল্ড
আর্সেনালকে প্রায় ধরে ফেলল হাডার্সফিল্ড টাউন। না, তৃতীয় বিভাগের (লিগ ওয়ান) দল হাডার্সফিল্ডের পক্ষে প্রথম বিভাগের (ইংলিশ প্রিমিয়ার লিগ) দল আর্সেনালের সমকক্ষ হওয়া সম্ভব নয়। তবে এই কাছাকাছি আসাটা অন্য একটা দিক থেকে। টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার যে রেকর্ডটি গড়েছিল আর্সেনাল, সেটারই খুব কাছাকাছি হাডার্সফিল্ড। পরশু নটস কাউন্টির বিপক্ষে ২-১ গোলের জয়ে তারা অপরাজিত ৪৩ ম্যাচ ধরে। এই জয়ে নটিংহ্যাম ফরেস্টের ৩৪ বছর পুরোনো রেকর্ডকে তারা টপকে গেছে। ১৯৭৭-৭৮ ও ১৯৭৮-৭৯ মৌসুমে ইংলিশ ফুটবল লিগে ৪২ ম্যাচ অপরাজিত ছিল নটিংহ্যাম। ইতিহাস গড়ার পথে এখন সামনে শুধুই আর্সেন ওয়েঙ্গারের দল। ক্লাবটির সভাপতি ডিন হয়েলের বিশ্বাস, তাঁরা ইতিহাস গড়তে চলেছেন, ‘আমাদের এই যাত্রাটা ইতিহাসই গড়বে।’ টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার পথে আর্সেনাল রেকর্ড গড়েছিল আরও একটি। ২০০৩-০৪ লিগ শিরোপা জিতেছিল মৌসুমের ৩৮ ম্যাচেই অপরাজিত থেকে। গত বছরের ২৮ ডিসেম্বর থেকে ৪৩ ম্যাচ অপরাজিত থাকলেও ২৫ জয়, ১৮ ড্রয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে হাডার্সফিল্ড! তাদের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে শীর্ষে চার্লটন অ্যাথলেটিক। আর্সেনালের রেকর্ড টপকাতে পারলে তো চ্যাম্পিয়নই হতে পারে হাডার্সফিল্ড। ওয়েবসাইট।