আজ মুখোমুখিআর্সেনাল - বায়ার্নপোর্তো - মালাগাআর্সেনাল সর্বশেষ বড় কোনো শিরোপা জিতেছে আট বছর আগে—২০০৫ সালের এফএ কাপ। ওটা এখন প্রায় ধূসর স্মৃতি। এই মৌসুমেও আর্সেনাল যে কিছু জিততে পারে, তা নিয়ে বাজি ধরার লোক কম। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান ২১ পয়েন্ট, এফএ কাপেও গত শনিবার পুঁচকে ব্ল্যাকবার্নের কাছে হেরে বিদায় নিয়েছে। বাকি শুধু চ্যাম্পিয়নস লিগ। ইউরোপীয় প্রতিযোগিতার কুলীন আসরটা তাদের জন্য আরও কঠিন বাস্তবতা। শেষ ষোলোতে লন্ডনের ক্লাবটির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। আজই নিজেদের মাঠে শেষ ষোলোয় দুই দলের প্রথম লেগ।গত মৌসুমে ফাইনাল খেলেছে, গত চার আসরের তিনবারই অন্তত শেষ আটে খেলেছে। এই মৌসুমে যেমন খেলছে, তাতে বায়ার্নকে যেকোনো দলই এড়িয়ে যেতে চাইবে। বুন্দেসলিগায় শিরোপার সুবাসই পাচ্ছে তারা, দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে ১৫ পয়েন্টে। অপ্রতিরোধ্য বায়ার্নের জালে ২০১৩ সালের এ পর্যন্ত কোনো বল ঢোকেনি। ২০০৪-০৫ সালে দুই দলের শেষ সাক্ষাতে দুই লেগ মিলে জিতেছিল বায়ার্নই (৩-২)। নিজেদের মাঠে সেই বায়ার্নের সামনে দাঁড়ানোর আগে আর্সেন ওয়েঙ্গারের কপালে গভীর ভাঁজই পড়ার কথা। তবে হতোদ্যম নন আর্সেনাল কোচ, বরং ব্ল্যাকবার্ন অঘটনটাকে পেছনে রেখে এ ম্যাচেই ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করছেন শিষ্যদের, ‘আমাদের মানসিক শক্তিটা দেখানোর ভালো একটা সুযোগ এটা। মঙ্গলবার রাতে বড় একটা ম্যাচ খেলতে হবে। আমাদের দলকে দেখাতে হবে, তারা গা ঝাড়া দিয়ে উঠতে জানে।’আর্সেনালের একটা প্রেরণা অবশ্য আছে। ইংল্যান্ডের মাটিতে ১৫টি ম্যাচ খেলে মাত্র একবারই জিতেছে বায়ার্ন। জার্মান প্রতিপক্ষের সঙ্গেও আর্সেনালের রেকর্ডটা সাহস দেবে ওয়ালকটদের। বুন্দেসলিগার ক্লাবগুলোর সঙ্গে ঘরের মাঠে ১২ ম্যাচের নয়টিতেই জিতেছে আর্সেনাল। গত মৌসুমের ফাইনালে বায়ার্ন-বধ কাব্য জন্ম দিয়েছিল আর্সেনালেরই প্রতিবেশী চেলসি। গানারদের মিডফিল্ডার জ্যাক উইলশেয়ারের প্রেরণা ওটাই, ‘চেলসি আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণা। বাজে একটা মৌসুম কাটাচ্ছিল তারা। যদিও কিছু ম্যাচে ভাগ্য তাদের সহায় ছিল। কিন্তু মানসিক শক্তিটা তারা দেখিয়েছে। আমাদেরও সেটা দেখাতে হবে।’আর্সেনাল-বায়ার্ন মহারণে কিছুটা আড়ালে চলে গেছে পোর্তো-মালাগার লড়াইটা। কিন্তু এ ম্যাচটাও খুব জমার কথা। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেনের মালাগা। পোর্তোও আছে দুর্দান্ত ফর্মে, ঘরোয়া লিগে টানা ১৯ ম্যাচ অপরাজিত মরিনহোর সাবেক পর্তুগিজ ক্লাবটি। এএফপি, রয়টার্স।