আর্সেনালের ব্র্যাডফোর্ড-লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ছিল দীর্ঘ সাত বছরের শিরোপা-খরা ঘোচানোর পথে একটি বড় পদক্ষেপ ফেলা। কোথায় কী! ভ্যালি প্যারেড স্টেডিয়াম থেকে আর্সেনালকে ফিরতে হলো ক্লাব ইতিহাসেরই অন্যতম বড় লজ্জা নিয়ে। ইংলিশ ফুটবলের চতুর্থ বিভাগের দল ব্র্যাডফোর্ড সিটির কাছে হেরে গেছে আর্সেন ওয়েঙ্গারের দল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি টাইব্রেকারে ৩-২ গোলে জিতে ইতিহাসে প্রথমবারের মতো লিগ কাপের সেমিফাইনালে উঠেছে ব্র্যাডফোর্ড। পেনাল্টি শুটআউটে ব্র্যাডফোর্ড যেন হারতে জানে না। এ নিয়ে টানা নয় ম্যাচ জিতল তারা টাইব্রেকারে।এফএ কাপ দিয়ে আর্সেনালের সর্বশেষ শিরোপাটি আসে সেই ২০০৫ সালে। সেই থেকেই এমিরেটসে একটা ট্রফির জন্য হাপিত্যেশ। কিন্তু লিগে এবারও আর্সেনাল শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে পড়েছে। ১৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্ট পেছনে তারা। এ অবস্থায় শিরোপা-হাহাকার ঘোচাতে ওয়েঙ্গার লিগ কাপটাকে নিয়েছিলেন বেশ গুরুত্বের সঙ্গে। পরশু পুঁচকে ব্র্যাডফোর্ডের বিপক্ষেও মাঠে নামিয়েছিলেন সম্ভাব্য সেরা দলটিই। কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েও আর্সেনাল কোচের ভাগ্যে জুটল ক্যারিয়ারের অন্যতম অবমাননাকর পরাজয়ের তিলক।ব্র্যাডফোর্ড অঘটনের ইঙ্গিত দেয় ১৬ মিনিটেই। নিজেদের মাঠে ব্র্যাডফোর্ড এগিয়ে যায় মিডফিল্ডার গ্যারি টমসনের অসাধারণ ফ্রি-কিক গোলে। গোল শোধে মরিয়া ওয়েঙ্গার একপর্যায়ে মাঠে নামিয়ে দেন পাঁচ স্ট্রাইকারকে। অবশেষে ৮৮ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান ডিফেন্ডার টমাস ভারমেলেন। ম্যাচ শেষে নিয়তিকে মেনে নিয়েছেন ওয়েঙ্গার, ‘খেলোয়াড়দের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা খুবই আক্রমণাত্মক খেলেছি। এক ঘণ্টারও বেশি সময় পাঁচ স্ট্রাইকার খেলিয়েছি। গোলের অনেক সুযোগও সৃষ্টি করেছি। কিন্তু তাদের রক্ষণ ছিল খুবই ভালো। ব্র্যাডফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে।’অন্য কোয়ার্টার ফাইনালে নরউইচকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। গত গ্রীষ্মেই নরউইচ ছেড়ে অ্যাস্টন ভিলার দায়িত্ব নিয়েছেন পল ল্যামবার্ট। ছেড়ে যাওয়ার পর ক্যারো রোডে প্রথম প্রত্যাবর্তনটা উদ্যাপন করলেন বড় জয় দিয়ে। এএফপি।