আর্সেনালের ব্ল্যাকবার্ন-লজ্জা
আর্সেনালের সর্বশেষ বড় কোনো শিরোপা জয় আট বছর আগে। এর পর থেকেই শিরোপা তাদের কাছে যেন সোনার হরিণ। এই মৌসুমেও প্রিমিয়ার লিগ জয়টা দূরের বাতিঘর। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ২১ পয়েন্ট পিছিয়ে আছে আর্সেনাল। তাই বলে এফএ কাপের আশাও যে এভাবে ধুলোয় মিশে যাবে, আর্সেন ওয়েঙ্গার নিশ্চয়ই ভাবতে পারেননি! পঞ্চম রাউন্ডে দ্বিতীয় বিভাগের দল ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ১-০ গোলের হারে নিদারুণ এক লজ্জাও সঙ্গী হয়েছে ওয়েঙ্গারের। ১৯৯৬ সালে আর্সেনালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এফএ কাপে প্রিমিয়ার লিগের বাইরের কোনো ক্লাবের কাছে হারল লন্ডনের দলটি।হারটা আর্সেনালকে আরও পোড়ানোর কারণ, স্বপ্ন ভেঙেছে যাঁর গোল, সেই কলিন কাজিম রিচার্ডস আর্সেনালের আবাল্য ভক্ত। পুরো ম্যাচে ব্ল্যাকবার্ন গোলে শট নিয়েছে একটিই। সেই শটেই বাজিমাত। অথচ আর্সেনালের শট ছিল ২৬টি! আর্সেন ওয়েঙ্গার এখনো যেন বিশ্বাস করতে পারছেন না, ‘আমি বুঝতে পারছি না কীভাবে হেরে গেলাম। কারণ বল বেশির ভাগ সময় আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’ দীর্ঘ শিরোপা-খরাকে অবশ্য এখনো বড় করে দেখতে চাইছেন না ফরাসি কোচ, ‘ট্রফি-বন্ধ্যাত্ব নিয়ে আমাদের খুব একটা উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। যারা আজ খেলেছে তারা আট বছর আগে খেলেনি। আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’পরের ম্যাচটা অবশ্য কঠিন এক পরীক্ষাই হবে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আগামীকালই বায়ার্ন মিউনিখের মুখোমুখি আর্সেনাল। এই মৌসুমে বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য বায়ার্ন। তবে ওয়েঙ্গার ম্যাচটাকে দেখছেন ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে, ‘আমাদের মনোবল দেখানোর ভালো একটা সুযোগ এটা।’ এএফপি।