আর্সেনালের সামনে স্মৃতিকাতর পার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ আগস্ট, ২০১১ থেকে ৩ নভেম্বর, ২০১২। মাঝখানে পার হয়ে গেছে এক বছরেরও বেশি। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের স্বপ্নে নিশ্চিতই ফেরারি হয়ে প্রায় তাড়া করে ফিরেছে আগস্টের সেই ভয়াবহ স্মৃতি। ওল্ড ট্রাফোর্ডে এসে ৮ গোল খাওয়ার লজ্জা কি আর এত সহজেই যায়? আজ তাই ওয়েঙ্গার চাইবেন অনেক দিন ধরে জমে থাকা দেনা-পাওনা কড়ায়-গন্ডায় চুকিয়ে দিতে। আজ আবার সেই ওল্ড ট্রাফোর্ডেই আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা, কিছু হিসাব চুকানোর কথা ছিল আরেকজনেরও। আর্সেনালের সেই অভিশপ্ত দিনে রবিন ফন পার্সি ছিলেন গানারদের মূল অস্ত্র। একটা গোল করেছিলেনও, কিন্তু দলকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারেননি। অসহায় চোখে দেখেছিলেন লাল জার্সিগুলোর বারবার উল্লাসে মেতে ওঠার দৃশ্য। সময়ের চক্রে আজ পার্সিই মাঠে নামবেন ইউনাইটেডের হয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আর্সেনাল ছেড়ে যাওয়ার পর আজই প্রথম পুরোনো ক্লাবের মুখোমুখি হওয়ার কথা তাঁর। এই মৌসুমেই ২৪ মিলিয়ন পাউন্ড দিয়ে তাঁকে দলে টেনেছে ইউনাইটেড, লিগে এর মাঝে ৭ গোল করে স্যার অ্যালেক্স ফার্গুসনের আস্থাভাজনও হয়ে উঠেছেন। পেশাদারির খোলসে ফুটবলারদের আবেগটা বন্দী থাকে বটে, কিন্তু খানিকটা হলেও কি স্মৃতিকাতর হয়ে পড়বেন না ডাচ স্ট্রাইকার?তবে আর যা-ই হোক, ওল্ড ট্রাফোর্ডে আসা আর্সেনাল সমর্থকেরা পার্সিকে কেমন অভ্যর্থনা জানাবে সেটা অনুমান করতে কষ্ট হয় না। তবে পুরোনো শিষ্যের প্রতি কোনো বিরূপ মনোভাব নেই আর্সেন ওয়েঙ্গারের, ‘আমি জানি না (সে কেমন অভ্যর্থনা পাবে), কিন্তু আমি আশা করি সেটা সম্মানজনকই হবে। আমাদের হয়ে আট বছর তো সে খেলেছে। সে আমাদের হয়ে ভালোও করেছে। ইউনাইটেডের হয়ে যে সাফল্য সে পাচ্ছে তাতে আমি বিস্মিত নই। আমি আগেই বলেছিলাম তাকে ইউনাইটেডের হয়ে গোল করতে দেখা আমার জন্য একটু অদ্ভুতই, কিন্তু এটাই ফুটবল।’ পার্সি-বন্দনায় মেতেছেন ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসও, ‘তার গোল ও পরিপূর্ণ খেলা দিয়ে সে নিজেকে এর মাঝেই প্রমাণ করেছে। রবিনের সেট পিস ডেলিভারি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই মৌসুমের একটা বড় ব্যাপার হলো আমরা সেট পিস ও কর্নার থেকে অনেক গোল করছি।’ তবে গিগস গত মৌসুমের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তেমন দেখেন না, ‘আমার মনে হয় গত বছরের ফলাফলটা “ফ্লুক ছিল”।’এ সপ্তাহটা অবশ্য দুই দলের দুই রকম কেটেছে। লিগ কাপের অবিশ্বাস্য এক ম্যাচে আর্সেনাল ৪-০ গোল পিছিয়ে পড়েও রিডিংকে হারিয়েছে ৭-৫ গোলে। আবার ইউনাইটেড চেলসির সঙ্গে তিন-তিনবার এগিয়ে গিয়েও শেষমেশ হেরেছে ৫-৪ ব্যবধানে। মজার ব্যাপার হলো, ২০ অক্টোবর থেকে আর্সেনাল-ইউনাইটেড নিজেদের আট ম্যাচে সব মিলিয়ে ৪১ গোল করেছে ও খেয়েছে। আজ তাই গোলের পসরা দেখার আশা দর্শকেরা করতেই পারে। আজই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসিও। সিটি খেলবে ওয়েস্ট হামের সঙ্গে আর চেলসির প্রতিপক্ষ সোয়ানসি সিটি। এএফপি, রয়টার্স।