আর্সেনালের সুযোগের নাম বেনিতেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরুদ্ধ বাতাসে নৌকা বাইতে হচ্ছে রাফায়েল বেনিতেজকে। চেলসির কোচ হয়ে আসার পর সমর্থকদের মন পাওয়া তো দূরে থাক, উল্টো দুয়ো শুনতে হচ্ছে। তা-ও আবার স্টামফোর্ড ব্রিজেই। ঘরের মাঠে অবশ্য ফর্মটা ভালো যাচ্ছে না চেলসির, গত সাত ম্যাচের একটিতে মাত্র জয়। হারতে হয়েছে সোয়ানসি ও কিউপিআরের মতো ছোট দলের কাছে। আজকের পরীক্ষাটা সেই তুলনায় আরও কঠিন। নগরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের মুখোমুখি হতে হবে আজ। ডার্বি ম্যাচ বলে উত্তেজনার পারদ একটু ওপরেই থাকবে। তবে বেনিতেজ জেনে স্বস্তি পাবেন, এই মৌসুমে দুই দলের আগের দেখায় আর্সেনালকে তাদের মাঠেই হারিয়েছিল চেলসি। সেই দৃশ্যের পুনর্মঞ্চায়ন আর্সেন ওয়েঙ্গার নিশ্চয়ই সেটা চাইবেন না। নিজেদের মাঠে চেলসির হতশ্রী দশাটা অবশ্য ওয়েঙ্গারের ভালো করেই জানা। কিন্তু এটির ওপর ভরসা করতে নারাজ আর্সেনাল কোচ, ‘দর্শকদের আস্থা দলের ওপর অনেক বড় প্রভাব ফেলে। কিন্তু চেলসির দুর্বলতার দিকে তাকিয়ে থাকলে আমাদের চলবে না। আমাদের নিজেদের শক্তির দিকেই মনোযোগ দেওয়া উচিত।’ বেনিতেজও ঘরের মাঠের ‘জুজু’কে আপাতত পাত্তা দিচ্ছেন না, ‘পরিবেশ খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে না। আমরা পেশাদার। নিজেদের কাজটা করে যাওয়াই আসল।’ দিনের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। স্পারদের কোচ ভিলাস-বোয়াস মাঠে নামার আগে নিশ্চিতভাবে একটা মন্ত্রই জপে দেবেন শিষ্যদের কানে, ‘ফন পার্সিকে ঠেকাও’। এই মৌসুমে এরই মধ্যে ২২ ম্যাচে ১৭ গোল করে ফেলেছেন ইউনাইটেডের ডাচ স্ট্রাইকার। দুই দলের আগের দেখায় অবশ্য কোনো গোল পাননি। নিজেদের মাঠে ইউনাইটেড হেরেছিল ৩-২ গোলে। এবার হয়তো সব দেনা কড়ায়-গণ্ডায় মিটিয়ে দিতে মুখিয়ে ডাচ ‘গোলমেশিন’। এদিকে, কাল ডেভিড সিলভার জোড়া গোলে ফুলহামকে ২-০ গোলে হারিয়ে ইউনাইটেডের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ৪-এ নামিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। অন্য এক ম্যাচে নরউইচ সিটিকে ৫-০ গোলে হারিয়েছে লিভারপুল। এএফপি।