আর্সেনালের ‘অলৌকিক’ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে প্রত্যাবর্তনের গল্প অনেকই আছে। রূপকথাই তো রয়েছে ভূরিভূরি। পরশু আর্সেনাল যা করল, সেটি রূপকথাকেও হার মানায়। কদিন আগেই জার্মানির বিপক্ষে ৪-০ গোলে পিছিয়ে পড়েও ৪-৪ গোলে ড্র করে রূপকথার জন্ম দিয়েছে সুইডেন। পরশু সেটিকেও ছাপিয়ে আর্সেনাল লিখে ফেলল প্রত্যাবর্তনের অবিশ্বাস্য কাহিনি। ৪-০ গোলে পিছিয়ে পড়েও আর্সেন ওয়েঙ্গারের দল শেষ পর্যন্ত মাঠ ছাড়ল ৭-৫ গোলের জয় নিয়ে!ওয়েঙ্গারের দল অসম্ভবকে সম্ভব করেছে লিগ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে, ইংলিশ প্রিমিয়ার লিগেরই দল রিডিংয়ের বিপক্ষে। আর তাদের এই জয়ের নায়ক থিও ওয়ালকট। ১২ গোলের রোমাঞ্চের ম্যাচে দলকে অবিস্মরণীয় জয় এনে দিতে নিজে দুটি গোল করেছেন, সমতাসূচক গোলটিতেও রেখেছেন অবদান!লিগ কাপের ইতিহাসে তো বটেই, ম্যাচটা পেয়ে গেছে ইংলিশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের মর্যাদা। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার এটাকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা জয় বলেই ঘোষণা করেছেন, ‘ম্যাচের টার্নিং পয়েন্ট অনেকই আছে। বিপর্যয়ের মুখ থেকে আমরা আমাদের মান রক্ষা করেছি। সম্ভবত এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা জয়।’অগ্রাধিকার তালিকায় লিগ কাপের ম্যাচ সব সময়ই ওয়েঙ্গারের খাতায় নিচের দিকেই থাকে। এ ম্যাচটিও ব্যতিক্রম ছিল না। গত শনিবার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে যে দল নামিয়েছিলেন ওয়েঙ্গার, পরশু দল নামান সেই দলের ১১টি পরিবর্তন এনে! ফলাফল, লরেন্ত কোসিয়েলনির আত্মঘাতী গোল মিলিয়ে ৩৭ মিনিটের মধ্যেই ৪-০-তে পিছিয়ে পড়ে আর্সেনাল। তখন কে-ই বা কল্পনা করতে পেরেছিল এই ম্যাচই শেষে জমিয়ে রেখেছে এমন নাটক!রিডিংয়ের মাঠ ম্যাডেস্কি স্টেডিয়ামে নাটকের শুরুটা প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। গোল করে আর্সেনালের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন ওয়ালকট। এরপর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে সমতা ফেরায় আর্সেনাল।নাটক হয়েছে অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও। প্রথমে আর্সেনাল এগিয়ে যাওয়ার পর সমতা ফেরায় রিডিং। পরে ২ গোল করে অবিস্মরণীয় ম্যাচের সমাপ্তি টেনেছে আর্সেনাল। পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। একই রাতে শেষ আটে উঠেছে অ্যাস্টন ভিলা ও মিডলসবরো।জয়ের তৃপ্তি তো আছেই, আর্সেনাল কোচের হূদয়ে বাজছে প্রতিপক্ষ রিডিংয়ের জন্য সমবেদনাও। কারণ ২০১১ সালেই লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে থাকার পরও আর্সেনালকে মাঠ ছাড়তে হয়েছিল ৪-৪ গোলের ড্র হতাশা নিয়ে। সেই স্মৃতি মনে করে ওয়েঙ্গার বলছেন, ‘আমি জানি ৪-০ গোলে এগিয়ে থাকার পর হারের অনুভূতিটা কেমন। আমার ক্ষেত্রে এমনটা নিউক্যাসল ম্যাচে ঘটেছিল। ৪-০ হয়ে যাওয়ার পর প্রথমার্ধ নিয়ে ভাবতে পারছিলাম না। সমর্থকদের জন্য খারাপ লাগছিল, কারণ শক্তি জোগাতে তারা আমাদের পাশেই ছিল। সমর্থকদের বড় একটা অংশ ম্যাচের শেষ পর্যন্ত থেকে আমাদের সমর্থন দিয়ে গেছে। এই কৃতিত্ব তাই আমি তাদের দিতে চাই। আর তখনই অলৌকিক ঘটনাটা ঘটল। আমাদের প্রথম গোলটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার প্রথম ৭-৫, এটা ছিল টেনিস স্কোর।’দলকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি আর্সেনাল কোচ প্রশংসায় ভাসিয়েছেন ওয়ালকটকেও, ‘ওয়ালকট ছিল দুর্দান্ত। আমি জানতাম ও গ্রেট খেলোয়াড়। তবে অন্যরাও দারুণ খেলেছে। থিও গোল করেছে এবং সে ছিল দক্ষ। তবে একমাত্র সে-ই তা ছিল না।’ রিডিং কোচ ম্যাকডারমট পরাজয়টাকে আখ্যায়িত করেছেন ‘আত্মহত্যা’ বলে! এএফপি।