আল দেইয়ার পাশে হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের বয়স তখন ৭৩ মিনিট। মিসরের আমেরিকান কোচ বব ব্র্যাডলি হোসনি আবদ রাবুকে তুলে মাঠে নামালেন মিডফিল্ডার আহমেদ হাসানকে। মাঠে নামার ঠিক আগ মুহূর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক ওয়েল গোমা দৌড়ে এসে নিজের বাহুবন্ধনীটি খুলে বেঁধে দিলেন হাসানের বাহুতে। তারপর মাঠে পা ফেলতেই হাসান সিক্ত সতীর্থদের অভিনন্দনে। ফুটবলে বিরল এই দৃশ্যটা পরশু দোহায় ব্রাজিল-মিসরের প্রীতি ম্যাচের। এই ম্যাচ দিয়েই যে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি ছুঁয়ে ফেললেন আহমেদ হাসান। সৌদি আরবের সাবেক গোলরক্ষক মোহাম্মদ আল দেইয়ার সঙ্গে সর্বোচ্চ ১৭৮টি ম্যাচ খেলার রেকর্ডের মালিক এখন মিসরের এই মিডফিল্ডারও।ফুটবল ইতিহাসে ১০০ ম্যাচ খেলা ফুটবলারের তালিকাটিই যেখানে খুব বড় নয়, সেখানে আল দেইয়া খেলেছিলেন ১৭৮টি ম্যাচ! মেক্সিকোর ক্লদিও সুয়ারেজের ১৭৭ ম্যাচ টপকে দেইয়া রেকর্ডটি গড়েছিলেন ২০০৬ সালের ১১ মে। সাড়ে ৫ বছর পর পরশু আল দেইয়া অংশীদার হিসেবে পেলেন আহমেদ হাসানকে। সেই ১৯৯৫ সালে মাত্র ২০ বছর বয়সে অভিষেক। দলকে চারবার জিতিয়েছেন আফ্রিকান নেশনস কাপ। এখনো অধিনায়ক হিসেবে কোচের প্রথম পছন্দ তিনিই। তাই দেইয়াকে দ্বিতীয় স্থানে ঠেলে হাসান যে শিগগিরই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেবেন, এটা অনুমিতই!হাসানের রেকর্ড ছোঁয়ার দিনে অবশ্য তাঁর দল মিসর হেরে গেছে ব্রাজিলের কাছে। এএফপি।