আল-শাহরিয়ারের কথা ভুলে গেলেন সবাই!
দেরিতে আয়োজনের ত্রুটি বাদ দিলে টেস্ট ক্রিকেটের ১০ বছর পূর্তি অনুষ্ঠানটা হলো মনে রাখার মতো। কিন্তু এ অনুষ্ঠানটাই আবার মন খারাপের কারণ হয়ে দাঁড়াল অভিষেক টেস্টে খেলা আল-শাহরিয়ারের জন্য। বর্তমানে নিউজিল্যান্ডপ্রবাসী আল শাহরিয়ার পত্রিকা পড়েই জেনেছেন ঢাকায় এ রকম একটা অনুষ্ঠানের খবর। অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি ১৫টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান।যেসব ক্রিকেটার দেশের বাইরে আছেন, তাঁদের বিমানভাড়া দিয়ে অনুষ্ঠানে আনার সিদ্ধান্ত হয়েছিল বিসিবির সভায়। সে অনুযায়ী মালয়েশিয়া থেকে বিসিবির খরচেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তা হলে আল-শাহরিয়ার কেন বাদ পড়ে গেলেন? অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম বলেছেন, ‘বোর্ড সভার সিদ্ধান্তের পর সব ক্রিকেটারকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগকে। আমি যত দূর জানি তারা সাধ্যমতো চেষ্টা করেছে কাজটা করার।’ তবে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে বলা হয়েছে, ফোন নম্বর না থাকায় আল-শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।১০ বছর পূর্তি অনুষ্ঠানে টেস্ট ক্রিকেটারদের মধ্যে মোট ১১ জন ক্রিকেটার অনুপস্থিত ছিলেন। আল-শাহরিয়ার ছাড়া অভিষেক টেস্ট দলে থাকাদের মধ্যে আরও আসেননি আকরাম খান ও রাজিন সালেহ। ব্যক্তিগত কাজে আকরাম আছেন ব্যাংককে। রাজিন আসতে পারবেন না বলে জানিয়েছেন আগেই। এ ছাড়া বিভিন্ন কারণে দেশের বাইরে থাকায় আসতে পারেননি মাশরাফি বিন মুর্তজা, এহসানুল হক ও তামিম ইকবাল। স্ত্রীর অসুস্থতার জন্য আসেননি অলক কাপালিও। বাংলাদেশের ৫৯ জন টেস্ট ক্রিকেটারের মধ্যে এ ছাড়াও ছিলেন না আলমগীর কবির, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস ও জহুরুল ইসলাম। প্রয়াত মানজারুল ইসলাম রানার তো আসার উপায়ই ছিল না। রানার পরিবারকে অনুষ্ঠানে আনার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত কেউ আসেননি।