আল সাদ হারাবে বার্সাকে!
ক্লাব ফুটবলে তাদের জন্য অজেয় আর কিছু নেই। অনেকে প্রায় মেনেই নিয়েছে, পৃথিবীতে তারা টেনে এনেছে ভিনগ্রহের ফুটবল। ইতালিকে বিশ্বকাপ জেতানো কোচ মার্সেলো লিপ্পি কদিন আগেই বলেছেন, বার্সাই সর্বকালের সেরা দল। ক্লাব ফুটবলের নান্দীপাঠ এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা এসেছে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের আশায়। কিন্তু জাপানে পা রেখে ‘হুমকি’র মুখে পড়ে গেল বার্সেলোনা।স্প্যানিশ ও ইউরোপীয় চ্যাম্পিয়নদের কারা দিল এই হুমকি? এশীয় চ্যাম্পিয়ন আল সাদ! ইয়োকোহামায় চলমান ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে কাতারি দলটি। পরশু কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন তিউনিসিয়ার এসপারেন্সকে (২-১)। কিন্তু আগামী পরশু সেমিফাইনালেই দাঁড়াতে হচ্ছে বার্সেলোনার সামনে। আল সাদের কোচ হোর্হে ফোসেত্তি অবশ্য ভয় পাচ্ছেন না। তাঁকে সাহস দিচ্ছে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের স্লোগান, ‘এক ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বলে না, অসম্ভব বলে কিছু নেই। আমিও কথাটা বিশ্বাস করতে চাই। হ্যাঁ, অবশ্যই বার্সেলোনা বিশ্বশ্রেষ্ঠ, আমরাও সেটা মানি, রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের সেদিনের ম্যাচটা দেখে তো আরোই।’ ফোসেত্তির কথাগুলো কি মন থেকেই বলা? উরুগুয়ের সাবেক কোচ পরে ধরিয়ে দিয়েছেন ওটা ছিল কৌতুক, ‘মাঠে যদি ১৫-১৬ জন খেলোয়াড়কে নিয়ে আমরা খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভালো সুযোগ থাকবে!’তবে আল সাদের কোচ বাস্তবের আশার রেখাটা খুঁজে পাচ্ছেন গেটাফের কাছ থেকে। ‘গেটাফে সম্প্রতি স্পেনে হারিয়েছে বার্সেলোনাকে (১-০)। এটি অযৌক্তিক ও অসম্ভব মনে হতে পারে। তবে ওটাই আমাদের প্রেরণা। যতক্ষণ পর্যন্ত আবেগে না ভেসে উজ্জীবিত থাকব, ততক্ষণ পর্যন্ত ওটা সম্ভব বলেই ভাবব আমরা।’গত নভেম্বরে কোরিয়ার মাঠ থেকে এশীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল তারা আন্ডারডগ হিসেবে। এবারই প্রথম ক্লাব বিশ্বকাপে সুযোগ পাওয়া। আর সেই আল সাদই কি না পরশু এসপারেন্সকে হারিয়ে উঠে দাঁড়াল সেমিফাইনালে! টুর্নামেন্টে এসেই ইতিহাসের অংশ! পাল্টা-আক্রমণনির্ভর দুর্দান্ত ফুটবলের প্রদর্শনী রেখে এদিন জিতল ২-১ গোলে। বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে তাই একটা ‘স্বপ্ন স্বপ্ন’ লাগছে ফোসেত্তির কাছে, ‘বিশ্বের সেরা দলের সঙ্গে খেলার সুযোগ আপনার কাছে প্রতিদিন আসবে না। এই সুযোগটাকে উপভোগেরই চেষ্টা করব আমরা।’ এএফপি।