আলজেরিয়ার সবুজ-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০৩টি দেশ আর ৮২০টি ম্যাচ! বিশ্বকাপ বাছাইপর্বের এই মহাযজ্ঞ পেরিয়েই চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে মাত্র ৩২টি দল। এই ৩২ দল নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। ষষ্ঠ পর্বে থাকছে আলজেরিয়া—

বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে আবেগে কেঁদেই দিলেন কোচ বাহিদ হ্যালিহদজিচ
বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে আবেগে কেঁদেই দিলেন কোচ বাহিদ হ্যালিহদজিচ

সময়টা ১৯৮২ সাল। স্পেনে অনুষ্ঠিত হচ্ছে দ্য বিগেস্ট শো অন আর্থের ১২তম আসর।
ইউরোপ-সেরা পশ্চিম জার্মানির প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলজেরিয়া। নির্ভার হয়েই মাঠে নেমেছিল জার্মানি, দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তো হেসেখেলে ম্যাচ জিতে নেওয়াটাই স্বাভাবিক। তখন পর্যন্ত আফ্রিকার কোনো দলেরই যে ইউরোপের কোনো দলকে হারানোর রেকর্ডই নেই! কিন্তু বিধি বাম। বিশ্বকাপের ইতিহাসেরই অন্যতম বড় অঘটন ঘটানোর জন্য বিধাতা যেন সে দিনকেই বেছে নিলেন। ক্ষুদ্র গ্রহাণুর আঘাতে তারকা পতনের দৃশ্য প্রত্যক্ষ করল স্পেনের গিজন শহরের এল মলিনন স্টেডিয়ামে উপস্থিত ৪২ হাজার দর্শক। আলজেরিয়া ২-১ গোলে ধরাশায়ী করল পশ্চিম জার্মানিকে!
রূপকথার গল্পের এখানেই শেষ নয়। আলজেরিয়ার এই জয় পুরো গ্রুপেরই হিসাব-নিকাশ পাল্টে দিয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি এবং অস্ট্রিয়া। এই ম্যাচের আগে হিসাব-নিকাশ ছিল অনেকটা এমন: যদি জার্মানি হারে বা ড্র করে, তাহলে অস্ট্রিয়া ও আলজেরিয়া উঠে যাবে পরের রাউন্ডে। যদি জার্মানি ২ গোলের বেশি ব্যবধানে জেতে, তাহলে জার্মানি ও আলজেরিয়া উঠে যাবে। যদি জার্মানি ১ বা ২ গোলের ব্যবধানে জেতে, তাহলে জার্মানি ও অস্ট্রিয়া উঠবে।

ম্যাচের প্রথম ১০ মিনিটের মাঝেই গোল পেয়ে যায় জার্মানি। কিন্তু ম্যাচের বাকিটা সময় দুই দলই অর্থহীনভাবে বলে লাথালাথি করে সময় কাটিয়ে দেয়, ফলে বাদ পড়ে যায় আলজেরিয়া! কারও বুঝতে বাকি রইল না, ম্যাচটির ফলাফল দুদলের সম্মতিতেই নির্ধারিত হয়েছে। শোনা যায়, একজন ক্ষুব্ধ জার্মান সমর্থক তো নিজেদের পতাকাও পুড়িয়েছিলেন সেদিন লজ্জা ও আক্রোশে।

আলজেরিয়াও জানিয়েছিল ফিফার কাছে নালিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এর পরের বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ একই সঙ্গে আয়োজনের নিয়ম চালু করে ফিফা। অবশ্য তাতে আলজেরিয়ার কী আসে যায়! দলটির রূপকথার বিশ্বকাপ অধ্যায়ের সেখানেই যে বিয়োগান্ত সমাপ্তি!

এই আলজেরিয়াকে ২০১৪-এর বিশ্বকাপের টিকিট পেতে অবশ্য শেষ মুহূর্তে ভাগ্যদেবীর সাহায্যই পেতে হয়েছে। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর কাছে প্রথম লেগে ৩-২ গোলে হেরে বসেছিল আলজেরিয়া। তবে নিজেদের মাটিতে ১-০ গোলের জয় নিয়ে অ্যাওয়ে গোলের হিসাবে বিশ্বকাপের মূল মঞ্চে সুযোগ পায় আলজেরিয়া। ম্যাচের শেষ দিকে অল্পের জন্য একটি নিশ্চিত গোল থেকে বেঁচেও যায় আলজেরিয়া। বিধাতা যেন আলজেরিয়ানদের ১৯৮২ সালের ওই আক্ষেপই সুদসমেত উশুল করে দিতে চাইলেন!

আগামী ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে ‘দ্য গ্রিনস’ নামে পরিচিত আলজেরিয়া। গ্রুপ ‘এইচ’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ রাশিয়া ও দক্ষিণ কোরিয়া। র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া (৫৬) অবশ্য আলজেরিয়া চেয়ে অনেকটাই পিছিয়ে। বেলজিয়াম (১২) ও রাশিয়া (১৮) র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও খুব একটা পিছিয়ে নেই আলজেরিয়াও (২৫)। গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে আলজেরিয়া পৌঁছে যেতে পারে তাদের বহুল আরাধ্যের নকআউট রাউন্ডে।

আলজেরিয়া দলটিতে রয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়, যাঁদের দিকে দৃষ্টি রাখতেই হবে। মাদজিদ বোঘেরার ওপরই দায়িত্ব থাকবে আলজেরিয়ার রক্ষণভাগ সামলানোর। দলটির অধিনায়কও তিনি। ৩১ বছর বয়সী এই খেলোয়াড় বিশ্বকাপে অভিজ্ঞতা দিয়ে নিংড়ে দেবেন নিজেকে।

সপ্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলা সোফিয়ানে ফেঘোলির ওপর নির্ভর করছে আলজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন। এই প্লেমেকারকে আসন্ন দলবদলের মৌসুমে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। বোঝাই যাচ্ছে, ছোট দলের বড় তারকা হওয়ার সব গুণই তাঁর মাঝে আছে।

টটেনহামের তরুণ নাবিল বেনতালেবের দিকেও নজর রাখতে হবে। ফরাসি বংশোদ্ভূত এই মাঝমাঠের খেলোয়াড় লেফট উইং থেকে সাঁড়াশি আক্রমণে পারঙ্গম। এ মৌসুমে ফাউজি গোলামকে দলে ভিড়িয়েছে নাপোলি। দেশের হয়েও দারুণ কিছুই করে দেখাতে চাইবেন তিনি। আল আরবি হিলেল সাউদানি খেলেন ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবে। এরই মাঝে দেশের জার্সি গায়ে ২০ ম্যাচে গোল করে ফেলেছেন ১০টি।

দলটির কোচ বাহিদ হ্যালিহদজিচ। এই সাবেক যুগোস্লাভিয়ান খেলোয়াড় এর আগে দায়িত্বে ছিলেন আইভরি কোস্টের মতো দলেরও। দলকে দীক্ষিত করেছেন উপভোগের মূলমন্ত্রে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এর চেয়েও কঠিন গ্রুপে পড়তে পারতাম আমরা। সত্যি কথা বলতে কী, বিশ্বকাপের মতো আসরে সহজ গ্রুপ কিংবা মৃত্যুকূপ বলতে কিছু নেই। আমরা ব্রাজিলে ঘুরতে যাচ্ছি না, সেখানে আমাদের সুশৃঙ্খল, শক্তিশালী ও পরিণত হতে হবে।’

বিশ্বকাপ অভিজ্ঞতা: ১৯৮২-তে ভাগ্যের ফেরে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি দলটি। কিন্তু ১৯৮৬ ও ২০১০ সালের দুটি বিশ্বকাপ খেললেও সেখানে কোনো চমক দেখাতে পারেনি উত্তর আফ্রিকার এই দেশটি। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে আলজেরিয়া। কোনোবার দ্বিতীয় রাউন্ডের দেখা পায়নি। অবশ্য অধিনায়ক সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন, ব্রাজিলে অন্তত দ্বিতীয় রাউন্ডে যাবে তাঁর দল। দেখা যাক সমর্থকদের দেওয়া প্রতিশ্রুতি তাঁরা রাখতে পারেন কি না।

শক্তি: ফরাসি বংশোদ্ভূত বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে আলজেরিয়া। দলটিতে বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যাঁদের রয়েছে ইউরোপের ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা। নিশ্চিতভাবেই তা বিশ্বকাপের মতো বড় আসরে কাজে দেবে। অভিজ্ঞতা ও তারুণ্যে ভারসাম্য দলটি নিজেদের দিনে উজ্জীবিত ফুটবল খেললে তা প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হবেই।

দুর্বলতা: আক্রমণভাগ। প্রাপ্ত সুযোগ গোলে রূপ দিতে না পারার ব্যর্থতার জন্য প্রায়ই চড়া মাশুল দিতে হয় দলটিকে। দলে নেই কোনো সুপারস্টার, জয়ের জন্য জ্বলে উঠতে হবে পুরো দলকেই।

সেই ১৯৮২ সালের অঘটনের পর আলজেরিয়া আর দেখাতে পারেনি কোনো চমক। এবারের বিশ্বকাপে তারা চমক উপহার দিতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। কোচ বাহিদের একটি কথা শিষ্যদের জন্য টনিক হিসেবে কাজে দিলেই হয়, ‘আমাদের হয়তো হারানোর কিছুই নেই, তবে জেতার মতো কিছু আছে নিশ্চয়ই!’