আলজেরিয়ান দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানদের এেকর পর এক প্রচেষ্টা এভাবেই ফিরিয়েছেন এমবোলহি, যদিও শেষ রক্ষা হয়নি l রয়টার্স
জার্মানদের এেকর পর এক প্রচেষ্টা এভাবেই ফিরিয়েছেন এমবোলহি, যদিও শেষ রক্ষা হয়নি l রয়টার্স

বাস্তিয়ান শোয়েনস্টাইগারের গোলা। বক্সের মাথা থেকে ফিলিপ লামের দুর্দান্ত বাঁকানো শট। খুব কাছ থেকে টমাস মুলারের হেড। আরও অসংখ্য আক্রমণ। জার্মানদের সব প্রচেষ্টা ফিরেছে যেন আলজেরিয়ার ‘জার্মান দেয়ালে।’ সেই দেয়ালের নাম রাইস এমবোলহি।
জার্মানদের আক্রমণের স্রোতে বাধার দেয়াল হয়ে ছিলেন আলজেরিয়ান গোলকিপার। কখনো তিনি উড়ন্ত বাজপাখি, কখনো গ্লাভসজোড়া চুম্বক। তাঁর ‘রাইস’ নামের অর্থ নেতা। পরশু মাঠেও তিনিই যেন ছিলেন আলজেরিয়ান নেতা। ৯১ মিনিট জুড়ে ঠেকিয়ে রেখেছিলেন জার্মানদের। গড়ানো শট বা হাওয়ায় ভেসে, দূরে বা কাছ থেকে, যা এসেছে তাঁর দিকে, ফিরিয়ে দিয়েছেন সবই। টমাস মুলারের দুর্দান্ত পাসে আন্দ্রে শুরলের ব্যাকফ্লিকে শেষ পর্যন্ত ভেঙেছে সেই দেয়াল। পরে গোল করেছেন মেসুত ওজিলও। তাতে এমবোলহির করার ছিল সামান্যই।
সব মিলিয়ে গোটা ম্যাচে সেভ করেছেন ১৬টি। দল হারলেও ম্যান অব দ্য ম্যাচ বুলগেরিয়ান ক্লাব সিএসকেএ সোফিয়ার এই গোলকিপারই। অল্পের জন্য জার্মান-বধ কাব্য লিখতে না পারার সান্ত্বনা এটি অবশ্যই নয়। তবে ম্যাচে এমবোলহির বীরোচিত পারফরম্যান্সের স্বীকৃতি। আলজেরিয়া দলের মতো এই বিশ্বকাপে দাগ কেটে গেলেন এই গোলকিপারও।