আলজেরিয়ার অন্য লড়াই
এক দশকের গৃহযুদ্ধের ক্ষত শুকায়নি এখনো। এখনো ক্ষণে ক্ষণে মাথাচাড়া দিয়ে ওঠে সন্ত্রাসবাদ, আল-কায়েদার জীবাণু। অস্থিতিশীল ঘুণে ধরা রাজনীতি। ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে দুর্নীতি-স্বজনপ্রীতি। বেকারত্বের অভিশাপ...।আলজেরিয়ার বিশ্বাস, বিশ্বকাপ নামের একটা বৃষ্টি ধুয়েমুছে সাফ করে দেবে এই স-ব জঞ্জাল!২৪ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছে উত্তর আফ্রিকার দেশটি। জিনেদিন জিদানের পূর্বসূরিদের আলজেরিয়া। ফুটবল-পাগল দেশটি বিশ্বকাপ উপলক্ষে ঘুরে দাঁড়াতে চাইছে। এক দিনেই তো শত শত বছরের ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ছাই করে ফেলা যায় না। তবে মাঝেমধ্যে সবকিছুর জন্যই একটা বড় ধাক্কা দরকার পড়ে পেছন থেকে। আলজেরিয়ার আশা, অন্তত হতাশায় ন্যুব্জ তরুণেরা নতুন আশায় আন্দোলিত হবেন আবার। বিশ্বকাপ দেবে তাঁদের সেই প্রেরণামন্ত্র। এগিয়ে আনা হয়েছে দেশটির উচ্চবিদ্যালয়ের পরীক্ষার সময়সূচিও। যেন নির্বিঘ্নে বিশ্বকাপে বুঁদ হয়ে থাকতে পারে শিক্ষার্থীরা। স্লোভেনিয়া, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের সঙ্গে ‘সি’ গ্রুপে পড়া আলজেরিয়ার জন্য এই বিশ্বকাপটা কেন এত গুরুত্বপূর্ণ সেই কারণটাই ব্যাখ্যা করছিলেন আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের অধ্যাপক নাসের দিজাবি, ‘বিশ্বকাপে থাকাটা আন্তর্জাতিক পর্যায়ে আলজেরিয়ার প্রত্যাবর্তনের একটা প্রতীক। জাতীয়ভাবে একটা পুনর্জাগরণ, বিশেষ করে তরুণদের জন্য, যারা আসলে হতাশায় নিমজ্জিত।’কোচ রাবাহ সাদানে আর তাঁর শিষ্যরা তাই একটা বড় দায়িত্ব নিয়েই দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। তাঁদের পারফরম্যান্সের দিকে যে চেয়ে থাকবে পুরো দেশের মানুষ।সাদানেও সেটি ভালো করেই জানেন, ‘হ্যাঁ, আমরা বড় একটা চ্যালেঞ্জের সামনেই আছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করব। আসলে বিশ্বকাপে সুযোগ পাওয়াই তো একটা বড় অর্জন। দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে সেটি হবে সোনায় সোহাগা।’ইংল্যান্ড বাদে এই গ্রুপের বাকি তিনটি দল প্রায় কাছাকাছি শক্তির। আর তাই আলজেরিয়ার সামনে ভালো সুযোগ থাকছে দ্বিতীয় রাউন্ডে প্রথমবারের মতো ওঠার। ১৯৮২ আর ১৯৮৬ বিশ্বকাপে যে সুযোগটা তাদের মোটেও হয়নি। ১৯৮২ বিশ্বকাপে অবশ্য রূপকথার জন্ম দিয়েছিল তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল ফেবারিট জার্মানিকে। আলজেরিয়া হারিয়েছিল চিলিকেও। কিন্তু তিন ম্যাচের দুটো জিতেও সেবার দ্বিতীয় রাউন্ডে যাওয়া হয়নি তাদের। গোল ব্যবধানের হিসাবের খাঁড়ায় পড়ে বাদ পড়েছিল টুর্নামেন্ট থেকেই।আলজেরিয়া আবারও ইতিহাসের জন্ম দিতে চায়। সাদানে তাঁর শিষ্যদের বুকে এই সাহস রাখতে বলছেন, টুর্নামেন্টেরই ফেবারিট ইংল্যান্ডকে বধ করার শক্তি রাখে তাঁর দল। ‘টেকনিকের দিক দিয়ে আমাদের যতটুকু ঘাটতি আছে, সেটি আমরা প্রাণপণ লড়াই করে পুষিয়ে দেব’—বলেছেন কোচ।কেন, কিসের এত তাগাদা? বিশ্বকাপে খেলার গৌরব তো আছেই, আলজেরিয়া আসলে এবার শুকিয়ে ফেলতে চায় নব্বইয়ের দশকের গৃহযুদ্ধের ক্ষত। যে যুদ্ধ কেড়ে নিয়েছে ২ লাখ মানুষের প্রাণ। সাদানের এক কথা, ‘আমরা এমন কিছু করে দেখাতে চাই, যেন আমাদের দেশের মানুষ গর্ব বোধ করে।’ ওয়েবসাইট।