আলফাজ-জাভেদ এখন ‘কারিগর’
বাবার হাত ধরে লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুলে ঢুকছিল কিশোর মনন। লালমাটিয়া অরণি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রের চোখে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। ফুটবলার আলফাজ আহমেদের ছবিসংবলিত পোস্টার দেখে বাবাকে বলল, ‘দেখো, আমিও একদিন আলফাজের মতো ফুটবলার হব।’মননের মতো এমন অনেক কিশোরের স্বপ্নের একটা ক্রীড়া একাডেমি গড়ার উদ্যোগ নিয়েছে রাজধানীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ। এই একাডেমিতে কোচের দায়িত্বে আছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। ভবিষ্যতে কেরানীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পাস গড়ার পরিকল্পনা আছে, তবে আপাতত একাডেমির কার্যক্রম লালমাটিয়ার স্কুলমাঠেই চলবে। বাণিজ্যিক প্রকল্পে বাণিজ্যের ব্যাপার থাকবেই। কিন্তু এই একাডেমির ব্যয় নির্বাহ করা খুব সাধারণ পরিবারের পক্ষে একটু কঠিন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পর বাফুফে ফুটবল একাডেমি করেছে সিলেটে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও সম্প্রতি উদ্যোগ নিয়েছে ফুটবল একাডেমি গড়ার। ক্রিকেটের আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উদ্যোগ এই প্রথম। একাডেমি উদ্বোধন করতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন প্রশংসা করলেন এই উদ্যোগের, ‘এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এটা দেখে ভবিষ্যতে অনেকেই এগিয়ে আসবে।’ একাডেমিকে সব রকম সহযোগিতারও আশ্বাস দিলেন তিনি, ‘এখানে ক্রিকেটার জাভেদ, ফুটবলার আলফাজ আছে। ওরা পেশাদার। ওরা যদি কোনো কর্মসূচি নিয়ে আমাদের কাছে আসে তাহলে আমরা সাহায্য করব।’ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের চেয়ারম্যান এম কে বাশারের চোখে অনেক দূরে যাওয়ার স্বপ্ন, ‘সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে খেলাধুলা ও পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের বৃত্তির মাধ্যমে ক্যামব্রিয়ানে পড়ার ও খেলার ব্যবস্থা করব। এবং এর মাধ্যমে হয়তো আগামী দিনে বেরিয়ে আসবে দেশের সেরা খেলোয়াড়।’এই একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবলার-কোচ-কর্মকর্তাদের মিলনমেলাই হয়ে গেল। এখানে এসেছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার, সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালী সাব্বির, বিপ্লব ভট্টাচার্য, রোকনুজ্জামান কাঞ্চন, কোচ সাইফুল বারী, মারুফুল হক প্রমুখ।