আলফাজের ভয় রেফারিং নিয়েই

আইএফএ শিল্ড বাংলাদেশে চলে আসতে পারত ১৯ বছর আগেই। ঢাকা মোহামেডান প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল ১৯৯৫ সালেই। কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে টাইব্রেকারে হেরে সে যাত্রায় গৌরব গায়ে মাখতে পারেনি বাংলাদেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি। সেদিন ফাইনালে ইস্ট বেঙ্গল মূল প্রতিপক্ষ হলেও মোহামেডানকে লড়তে হয়েছিল অনেক কিছুর বিপক্ষেই। এমনকি রেফারির কাছ থেকেও নাকি সেদিন অবিচারের শিকার হয়েছিলেন মোহামেডানের ফুটবলাররা।
আজ আরও একবার আইএফএ শিল্ডের ফাইনালে বাংলাদেশের কোনো ক্লাব মাঠে নামবে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এই মুহূর্তে একটি বড় গৌরব থেকে হাত ধরাধরির দূরত্বে দাঁড়িয়ে। কলকাতা মোহামেডানের বিপক্ষে জামালের এই লড়াই ইতিমধ্যেই তাতিয়ে দিয়েছে পদ্মা ও গঙ্গাপাড়ের ফুটবলপ্রেমীদের। কলকাতার পত্রপত্রিকা যেভাবে এই লড়াইকে ‘ভারতীয় ফুটবলের মর্যাদা’ রক্ষার লড়াই হিসেবে অভিহিত করছে, তাতে শঙ্কা জাগছে, এই ফাইনালেও ১৯ বছর আগের পুনরাবৃত্তি হয় কি না।
১৯৯৫ সালের আইএফএ শিল্ডের ফাইনালে ইস্ট বেঙ্গলের বিপক্ষে দীর্ঘক্ষণ ১-০ গোলে এগিয়ে ছিল ঢাকা মোহামেডান। ৮৭ মিনিটে ইস্ট বেঙ্গল গোল করে সমতায় ফেরে। এরপর টাইব্রেকারে দুর্ভাগ্যের শিকার হতে হয় মোহামেডানকে। তবে সামান্য কয়েকটি তথ্য দিয়ে আসলে সেদিনের খেলার চিত্র পুরোপুরি আজকের পাঠকের কাছে তুলে ধরা সম্ভব নয়।
সেদিনের সেই ম্যাচের স্মৃতিচারণা করেছেন মোহামেডান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। সেদিন মোহামেডানের জার্সি গায়ে কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ছিলেন আলফাজ। প্রথম আলোকে তিনি বলেন, ‘ওই দিন প্রচণ্ড বৈরী পরিস্থিতিতে আমাদের খেলতে হয়েছিল। দর্শক হাঙ্গামার সঙ্গে ছিল ইস্ট বেঙ্গলের ফুটবলারদের অখেলোয়াড়সুলভ আচরণ। অথচ পুরো খেলায় রেফারি ছিলেন একেবারেই নীরব। তিনি খুব নির্লজ্জভাবেই সেদিন ইস্ট বেঙ্গলের পক্ষে বাঁশি বাজিয়ে যাচ্ছিলেন।’
আলফাজ বলেন, ‘খেলাটিতে এক গোলে এগিয়ে যাওয়ার পর আমাদের খেলা নষ্ট করার জন্য সেদিন নানা রকম কৌশল নিয়েছিল ইস্ট বেঙ্গল। এক হচ্ছে প্রচণ্ড রাফ গেম, দুই হচ্ছে নেগেটিভ ফুটবল। রেফারিও বাঁশি বাজিয়ে বারবার খেলায় ছন্দপতন ঘটাচ্ছিলেন।’
সে ম্যাচে মারামারি লেগে গিয়েছিল ইস্ট বেঙ্গলের হয়ে খেলা বাইচুং ভুটিয়া ও মোহামেডানের আরমান মিয়ার মধ্যে। তবে চক্ষুলজ্জার খাতিরে আরমানের সঙ্গে বাইচুংকেও লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। লাল কার্ড-কাণ্ডের পর প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল খেলা। আবার খেলা শুরু হলে মোহামেডানের খেলায় যে ছন্দপতন হয়েছিল, তা ছিল অভাবনীয়। ৮৭ মিনিটে ইস্ট বেঙ্গল সে সুযোগেই খেলায় ফিরেছিল। টাইব্রেকারের সময়ও ক্লান্ত ও পরিশ্রান্ত ছিল মোহামেডানের ফুটবলাররা।
‘খেলাটি চলেছিল চার ঘণ্টা ধরে। বারবার খেলা বন্ধ হচ্ছিল। চার ঘণ্টা ধরে একটি ফুটবল ম্যাচ নজিরবিহীন। আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম।’ আলফাজ যেন ফিরে গেলেন ওই দিনটিতে।
সেই ম্যাচে এক লাইন্সম্যানের এক উক্তি আজও মনে আছে আলফাজের, ‘ইস্ট বেঙ্গল তখন এক গোলে পিছিয়ে। আমার সামনেই ইস্ট বেঙ্গলের এক খেলোয়াড়কে এক লাইন্সম্যান হিন্দিতে বললেন, “ডি-র মধ্যে একবার পড়ে যেতে পারছ না, পড়ে গেলেই তো ফ্ল্যাগ তুলতে পারি”।’
আইএফএ শিল্ডের আজকের ফাইনাল নিয়েও কিছুটা শঙ্কিত আলফাজ, ‘কলকাতার মাঠে ওদের যেকোনো বড় ক্লাবের বিপক্ষে ঢাকার কোনো ক্লাব খেললেই এই শঙ্কাটা থাকে। আমি মনে করি, শেখ জামাল যে ফর্মে আছে, তারা মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের বিপক্ষে যে ধরনের ফুটবল উপহার দিয়েছে, তাতে বাজে রেফারিং ছাড়া ওদের ঠেকানোর কোনো পথ খোলা নেই। ভয় হয়, আজ মাঠে শেখ জামাল বাজে রেফারিংয়ের শিকার হয় কি না।’