আলফ্রেড, সানডে, পলদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী ২: ০ ফরাশগঞ্জমোহামেডান ২: ০ নৌবাহিনীশেখ জামাল ৬: ৩ ফেনী সকারপ্রথাগতভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন হলো টুর্নামেন্টের। বেসরকারি টিভিতে খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে বলে ক্যামেরা থাকল অনেক। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেটিরই মঞ্চ তৈরির কারণে উত্তর দিকের গোলপোস্টের পাশ থেকে ভেসে এল টুংটাং শব্দও। তৃতীয় স্বাধীনতা কাপের চূড়ান্ত পর্বের প্রথম দিনটা ধরা দিল বহুরূপে।মাঠের খেলার রং ছিল অবশ্য একটাই। বড় তিন দলের একপেশে জয়। উত্তেজনা বলতে কিছুই না। আবাহনী ২-০ গোলে গতবারের স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জকে, একই ব্যবধানে নৌবাহিনীকে মোহামেডান এবং ফেনী সকারকে ৬-৩ গোলে হারিয়েছে শেখ জামাল।তিন ম্যাচে ১৩ গোল। ১০টিই বিদেশিদের। দলগুলোর স্ট্রাইকিং জোনে বিদেশিরাই বেশি খেলছেন বলে গোলও পাচ্ছেন তাঁরাই। এটা অবশ্য নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরেই একই চিত্রনাট্য দেখছে ঘরোয়া ফুটবল।শেখ জামাল এদিন নামাল আলফ্রেড ইমোফিকে। নাইজেরিয়ান স্ট্রাইকার হ্যাটট্রিক করে নজর কাড়লেন এই প্রথম। সতীর্থ সানডেও হ্যাটট্রিকের সুযোগ খুঁজছিলেন। ২ গোল করে থেমেছেন এই স্ট্রাইকার। শেখ জামালের অন্য গোলটি আলমগীর কবিরের।আবাহনীর জয় এসেছে পলের হাত ধরে। ৪৬ ও ৭৫ মিনিটে ম্যাচের দুটি গোলই এই নাইজেরিয়ান স্ট্রাইকারের। মোহামেডানের প্রথম গোলটি তপুর, দ্বিতীয়টি মরিসনের। তবে মরিসন হ্যাটট্রিক নিয়েই বেরোতে পারতেন স্টেডিয়াম থেকে। সেটি হয়নি দিনটা তাঁর জন্যও ভালো না কাটায়।ফেনী সকার এগিয়ে গিয়েছিল পেলে দোর গোলে। কিন্তু গোল করাটাই যেন ভুল ছিল তাদের। মৌচাকে ঢিল পড়ার মতো ব্যাপার দেখা গেল এরপর। শেখ জামালের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে সকার গোল খেয়েছে একের পর এক। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করেছে সকার। রিদন ৪-২ করেছিলেন, কিন্তু গোলবন্যায় বাঁধ দেওয়া যায়নি তাতে। ওয়াসিও ৬-৩ করে ব্যবধানটা একটু কমান, এই যা।তিন ম্যাচে দুর্বলতম দল নৌবাহিনী। তারাই বরং ভালো করেছে। মোহামেডানের মতো দলের কাছে আর যা-ই হোক উড়ে তো যায়নি! নৌবাহিনী ম্যাচ খেলার সুযোগ তেমন পায় না। দুই বছর পর পর আন্তবাহিনী প্রতিযোগিতায় গোটা তিনেক ম্যাচ খেলার অভিজ্ঞতাই সম্বল। সেটিকে সঙ্গী করে খেলতে এসেছে এই স্বাধীনতা কাপে। দলটার জন্য বড় মঞ্চে নিজেদের তুলে ধরার উপলক্ষও।নৌবাহিনীর কোচ এম সগীরকে বেশ খুশিই লাগল ম্যাচের পর, ‘আমাদের কাছে ম্যাচ খেলার সুযোগটাই অনেক বড়। এটাকে কাজে লাগাতে পেরে ভালো লাগছে। চেষ্টা ছিল যাতে কম গোল হজম করি। আমরা সফলই হয়েছি।’মোহামেডানকে একটু হতাশ লাগল। জিতলেও সামর্থ্য অনুযায়ী গোল না পাওয়াই বড় কারণ। নৌবাহিনীর বিপক্ষে গোল-গড় বাড়িয়ে রাখার সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে না-পারা সাদা-কালোর জন্য প্রকারান্তরে ব্যর্থতাই। কোচ সাইফুল বারী সেটিই বলে গেলেন।এ তো গেল মাঠের কথা। মাঠের বাইরে বাফুফে দেখাচ্ছে সার্কাস। তাদের অদূরদর্শিতায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আপাতত আগামীকাল থেকে খেলা বন্ধ। স্বাধীনতা কাপের অনুষ্ঠান শেষে ২৮ মার্চ এখানে আবার ফিরবে স্বাধীনতা কাপ। সরকারি অনুষ্ঠানের জন্য স্টেডিয়াম ছাড়তে হবে জানার পরও খেলাটা দেরি করে শুরু করল বাফুফে। শুরুর পরপরই তাই টুর্নামেন্টের খেলা চলে যাচ্ছে কমলাপুর স্টেডিয়ামের ‘খুপরিঘরে।’বড় দলগুলোর জন্য কমলাপুর স্টেডিয়াম পছন্দের মাঠ হতে পারে না। ভালো ফুটবলও ওই মাঠে সম্ভব নয়। তার পরও বাফুফে খেলা নিচ্ছে কমলাপুরে। যে মাঠ বড় দলগুলোর মৃত্যুফাঁদ হয়ে উঠতে পারে যেকোনো দিন।আজ হরতালের দিনে খেলা দেওয়া হয়েছে তিনটি! অথচ এই কদিন মাঠ খালি থাকলেও বাছাইপর্ব আয়োজনের দোহাই দিয়ে কর্তারা নিরাসক্ত ছিলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাসও ঠিকমতো ছাঁটা হয়নি। ফুটবলাররা আহত হতে পারেন যেকোনো সময়!