আলফ্রেড-সানডেদের গোল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীকে ২-০ ব্যবধানে হারিয়ে আফসোস করেছিল মোহামেডান। আরও গোল করা উচিত ছিল—এ কথা বলেছিলেন মোহামেডানের সবাই।কিন্তু কাল শেখ জামালের সেই আক্ষেপ নেই। দুর্বল নৌবাহিনীর বিপক্ষে গোল উৎসব করার সুযোগটা তারা ষোলো আনাই কাজে লাগিয়েছে। ৮-০ স্কোরলাইনই বলছে, কমলাপুর স্টেডিয়ামে এদিন নৌবাহিনীর ওপর দিয়ে স্টিমরোলারই চালিয়েছে ঢাকার পরাশক্তি শেখ জামাল।আগের ম্যাচে ফেনী সকারের বিপক্ষে দারুণ খেলেছিল জামাল। জয় তুলেছে ৬-৩ গোলে। হ্যাটট্রিক করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেদিনই প্রথম নজর কাড়েন নাইজেরিয়ান স্ট্রাইকার আলফ্রেড ইমোফে। সানডে করেছিলেন একটি গোল। কাল সেই ধারাবাহিকতা ধরে রাখলেন দুজনই।আলফ্রেডের নামের পাশে চার গোল—প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। সানডে করেছেন দলের দ্বিতীয় ও সপ্তম গোল। দুজনই অবশ্য গোল পেতে পারতেন আরও। আলফ্রেডের শুটিং, হেডিং বেশ ভালো। অল্প জায়গায় চকিতে ঘুরে নিখুঁত শট নিতে পারেন। এসবেরই ঝলক দেখা গেল এদিন।দুই অর্ধেই চারটি করে গোল করেছে শেখ জামাল। এই গোল উৎসবে অংশ নেন দুই সোহেল রানা। স্ট্রাইকার সোহেল রানা করেছেন ষষ্ঠ গোল। গোল উৎসবের ইতি টেনেছেন মিডফিল্ডার সোহেল রানা।এই বড় জয় শেখ জামালকে গোলগড়ে এগিয়ে রাখল মোহামেডানের চেয়ে। দুই দলেরই পয়েন্ট ৬। তবে জামালের গোলগড় ধনাত্মক ১১। মোহামেডানের ধনাত্মক ৪। স্বাধীনতা কাপের সেমিফাইনালে যেতে দুই দলের মুখোমুখি লড়াইটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই ম্যাচে শেখ জামাল ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাবে। তিন গ্রুপের মধ্যে একটি দল সেরা রানার্সআপ হয়ে উঠবে সেমিতে। মোহামেডানের জন্য একটু কঠিনই হয়ে গেল পরিস্থিতিটা।