আলবিসেলেস্তের ওঁরা চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া৷ আর্জেন্টিনা তাকিয়ে আক্রমণের এই চারটি ফলার দিকে l ফাইল ছবি
লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া৷ আর্জেন্টিনা তাকিয়ে আক্রমণের এই চারটি ফলার দিকে l ফাইল ছবি

লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া৷ এই চার তারকাকে নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা। দুর্দান্ত কিছুর আশায় এই ‘চমৎকার চতুষ্টয়’-এর দিকে তাকিয়ে আকাশি-নীল ভক্তকুল।
চারজনেরই বয়স ২৬। চারজনই একসময় যুবদলের হয়ে আলো ছড়িয়েছেন। কালের পরিক্রমায় এখন তাঁদের হাতেই আলবিসেলেস্তের আক্রমণ শাণানোর ভার। মেসি, হিগুয়েইন, আগুয়েরো আর ডি মারিয়াকে নিয়ে গড়া ‘চমৎকার চতুষ্টয়’ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলার ব্রহ্মাস্ত্র।
ক্লাব ও জাতীয় দলের হয়ে এই চারজনের ফর্ম সাবেলাকে সিরি ‘আ’র তৃতীয় সর্বোচ্চ গোলদাতা কার্লোস তেভেজকে দলের বাইরে রাখতে দ্বিতীয়বার ভাবায়নি।
সর্বশেষ প্রস্তুতি ম্যাচে অবিশ্বাস্যভাবে গোল নষ্ট করার পরও দলের প্রাণভোমরা মেসির জাতীয় দলের হয়ে খেলা শেষ ১৬ ম্যাচে গোলসংখ্যা ১৮। শুধু ক্লাবের হয়ে ভালো খেলেন, এই তকমা অনেকাংশেই ভুল প্রমাণ করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড, গ্যাব্রিয়েল বাতিস্তুতার পর তিনিই এখন আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
জাতীয় দলের হয়ে অন্য তিনজনের ফর্মও ঈর্ষণীয়। আকাশি-নীল জার্সিতে নাপোলি স্ট্রাইকার হিগুয়েইন ৩৬ ম্যাচে করেছেন ২২ গোল৷ ম্যানচেস্টার সিটির হয়ে এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী আগুয়েরো ৫০ ম্যাচে করেছেন ২১ গোল৷ আর রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ডি মারিয়া মাঝমাঠ থেকে ৪৫ ম্যাচে করেছেন ১১ গোল।
২০১১ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রথম দল সাজাতে সাবেলাকে বেগ পেতে হলেও সময়ের সাথে সাথে ‘দ্য ম্যাজিশিয়ান’ দল অনেকটাই গুছিয়ে এনেছেন। মূল আক্রমণ শাণাতে সাবেলার প্রথম পছন্দ হিগুয়েইন, তাঁকে বাঁ দিকে থেকে সাহায্য করবেন আগুয়েরো আর ডান দিক থেকে মেসি। ডি মারিয়া থাকছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে।
‘ওদের কাউকে বাদ দেওয়া সহজ না। আমরা এভাবেই খেলব’—সম্প্রতি বলেছেন সাবেলা।
প্রয়োজনে ইন্টার মিলানের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে ১৯ গোল করা রদ্রিগো প্যালাসিও বা প্যারিস সেন্ট-জার্মেইর এজেকিয়েল লাভেজ্জিকেও খেলাতে পারেন সাবেক রিভারপ্লেট মিডফিল্ডার।
আর্জেন্টিনা, বসনিয়া-হারজেগোভিনা, ইরান ও নাইজেরিয়াকে নিয়ে সাজানো গ্রুপ ‘এফ’ থেকে সাবেলার দল চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠবে এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
কিন্তু নিকট অতীতে দুর্ভেদ্য রক্ষণ ছাড়া শুধু আক্রমণভাগের খেলোয়াড়দের ওপর ভর করে বিশ্বকাপ শিরোপা জেতেনি কোনো দল। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েও তাই খুব একটা স্বস্তিতে নেই ম্যারাডোনার দেশ। সেন্টারব্যাক ফেদেরিকো ফার্নান্দেজ আর রাইটব্যাক মার্কোস রোহো মাঝেমধ্যেই ভুল করে বসছেন, বিশ্বকাপের মতো বড় আসরে যার জন্য দলকে বড়সড় মাশুল দিতে হতে পারে। বার্সেলোনার হাভিয়ের মাচেরানোর তাই বাড়তি দায়িত্ব থাকবে, মাঝমাঠ সামলানোর পাশাপাশি কখনো কখনো দলের পঞ্চম ডিফেন্ডারের ভূমিকা পালন করতে হবে।
ইতিহাস বলছে দক্ষিণ আমেরিকায় শেষবার যখন বিশ্বকাপের আসর বসে ১৯৭৮ সালে, শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। কিন্তু ইতিহাস এও বলছে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর গত পাঁচ আসরে কোয়ার্টার ফাইনাল টপকাতে পারেনি ম্যারাডোনার উত্তরসূরিরা৷
আর্জেন্টিনার ‘চমৎকার চতুষ্টয়’ কি পারবে আকাশি-নীলদের ২৮ বছরের হাহাকার ঘুচিয়ে নতুন ইতিহাস গড়তে? এএফপি৷