আলভেজদের সঙ্গে আছেন রুসেফও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তাঁর উদ্দেশে ছুড়ে মারা কলা খেয়ে বর্ণবাদের বিরুদ্ধে অভিনব এক প্রতিবাদ জানিয়েছিলেন দানি আলভেজ। বার্সেলোনার ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের সেই প্রতিবাদের ধরন ছুঁয়ে গেছে পুরো ফুটবল-বিশ্বকে। ফুটবল খেলোয়াড়েরা তো বটেই এখন বর্ণবাদবিরোধী এই প্রচারণায় সমর্থন জানিয়েছেন স্বয়ং ব্রাজিল প্রেসিডেন্ট দিলমা রুসেফও। প্রচারণাটা আরও জোরালো করতে আগামী বিশ্বকাপের বড় মঞ্চটা কাজে লাগাতে চান তিনি।
১২ জুন বিশ্বকাপের উদ্বোধনের দিনেই একজন ব্রাজিলিয়ান ফুটবলার পাঠ করবেন বর্ণবাদবিরোধী পোপের বাণী। আর্জেন্টাইন বংশোদ্ভূত পোপ ফ্রান্সিস নিজেও দারুণ ফুটবল-অন্তঃপ্রাণ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রুসেফ। তবে ব্যস্ততার কারণে থাকা হবে না তাঁর।
বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে সবার আগে যে কজন সংহতি জানিয়েছিলেন তাঁদের একজন আলভেজের ক্লাব ও জাতীয় দলের সতীর্থ নেইমার। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার নিজেও নাকি গত মাসে গ্রানাডার বিপক্ষে ম্যাচে এমন আচরণের শিকার হয়েছিলেন। ব্যাপারটা তখনই নেইমারের জনসংযোগ সংস্থাকে জানিয়েছিলেন তাঁর বাবা। এ ধরনের ঘটনার প্রতিবাদে সামাজিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছিল নেইমারের জনসংযোগ সংস্থাও। আলভেজের ঘটনাটি তাঁদের এ ব্যাপারে সহযোগিতা করেছে বলেও জানালেন সংস্থার সহসভাপতি গুগা কেটজার, ‘আমরা প্রতিবাদের জন্য একটা ভালো সময়ের অপেক্ষায় ছিলাম। ড্যানির সঙ্গে ঘটনাটা আমাদের সে সুযোগ করে দিয়েছে।’
কলা ছুড়ে দিয়ে যিনি এত ঘটনার জন্ম দিয়েছেন, ভেভিড কম্পায়া নামের সেই দর্শককে অবশ্য আটক করেছে পুলিশ। ওয়েবসাইট।