আলভেজের অভিনব জবাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনব কায়দায় দর্শকদের বর্ণবাদী আচরণের জবাব দিলেন দানি আলভেজ
অভিনব কায়দায় দর্শকদের বর্ণবাদী আচরণের জবাব দিলেন দানি আলভেজ

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে প্রায়ই দুয়োধ্বনির মুখে পড়তে হয় ফুটবলারদের। গ্যালারি থেকে অনেক কিছু ছুঁড়েও মারা হয় খেলোয়াড়দের তাক করে। বেশিরভাগ ফুটবলারই এগুলোতে বিরক্তি এড়াতে পারেন না। কিন্তু এমন পরিস্থিতিতে  কীভাবে মাথা ঠাণ্ডা রেখে জবাব দিতে হয় সেটাই কাল দেখিয়ে দিয়েছেন দানি আলভেজ।

ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে কর্নার কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এমন সময় তাঁর দিকে একটা কলা ছুঁড়ে মেরেছিল ভিয়ারিয়ালের এক দর্শক। আলভেজও মুহূর্তের মধ্যে দেখিয়েছেন দারুণ প্রতিক্রিয়া। কোনো বিরক্তি প্রকাশ করেননি। বরং কলাটি তুলে নিয়ে খেয়ে ফেলেছেন। তারপর নিয়েছেন কর্নার কিক। এমন প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। টুইটারে লিখেছেন, ‘সে কলাটি তুলল, খোসা ছড়াল, খেয়ে ফেলল, তারপর কর্নার কিক নিল। দারুণ জবাব।’

স্প্যানিশ ফুটবলে ১২ বছরের ক্যারিয়ারে অনেকবারই দর্শকদের এমন বর্ণবাদী আচরণের মুখে পড়তে হয়েছে আলভেজকে। দুই-একবার প্রতিবাদও করেছেন ব্রাজিলের এই অভিজ্ঞ ফুটবলার। কিন্তু এখন আর এগুলো গায়ে মাখবেন না বলেই হয়তো ঠিক করেছেন আলভেজ। গতকালের সেই ঘটনার পর তিনি বলেছেন, ‘স্পেনে এমন ঘটনা অনেকই ঘটে। এগুলো হাস্যরসের মাধ্যমেই নিতে হবে।’

শুধু এটুকুই না, কলাটি ছোঁড়ার জন্য ভিয়ারিয়ালের সেই দর্শককে ধন্যবাদও জানিয়েছেন আলভেজ। কলাটি খেয়ে নাকি শক্তি বেড়ে গিয়েছিল তাঁর, ‘আমি জানি না, কলাটা কে ছুঁড়েছিল। কিন্তু তাকে অনেক ধন্যবাদ। এর পটাশিয়াম আমাকে অনেক শক্তি যুগিয়েছে। এ কারণেই আমার দুইটা ক্রস থেকে গোল হয়েছে।’

২-০ গোলে পিছিয়ে পড়ার পরও গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। গোল ডটকম