আলমেরিয়াকে হারিয়ে ব্যবধান কমাল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষের জালে আরও একবার বল জড়িয়ে দেওয়ার পর উল্লাসে মেতেছেন বার্সেলোনার খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স
প্রতিপক্ষের জালে আরও একবার বল জড়িয়ে দেওয়ার পর উল্লাসে মেতেছেন বার্সেলোনার খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স

অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে প্রায় হারতেই বসেছিল রিয়াল। কিন্তু শেষ মুহূর্তে দলকে উদ্ধার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২-২ গোলে ড্রয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী। মাদ্রিদ ডার্বির এই ফলাফলের ফায়দা তুলতে ভুল করেনি বার্সেলোনাও। নিচের সারির দল আলমেরিয়াকে ৪-১ গোলে হারিয়ে আরও জমিয়ে তুলেছে লা লিগার শিরোপা জয়ের লড়াই।

তবে ড্র করে মাঠ ছাড়তে হলেও শীর্ষস্থানটা এখনো হারাতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ২৬ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে তারাই আছে শীর্ষে। ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। আর তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর ঝুলিতে জমা হয়েছে ৬১ পয়েন্ট।

নিজেদের মাঠে আলমেরিয়ার বিপক্ষে জয় পেতে কোনোই সমস্যা হয়নি বার্সেলোনার। নয় মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন অ্যালেক্সিস সানচেজ। ২৪ মিনিটে মেসি জাদুতে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে আলমেরিয়ার জালে বল জড়িয়েছেন এই আর্জেন্টাইন তারকা। দুই মিনিট পরে অবশ্য একটি গোল শোধ করেছিলেন আলমেরিয়ার ডিফেন্ডার অ্যাঞ্জেল ট্রুজিলো।

পুরো ম্যাচের বেশির ভাগ সময় বলের দখল নিজেদের কাছে রাখতে পারলেও শেষ দুটি গোলের দেখা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। ৮৩ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেছিলেন কার্লোস পুয়োল। আর ৮৯ মিনিটে ম্যাচের শেষ গোলটি এসেছে জাভির পা থেকে।