আলসে বেনজেমাই এখন ছুটছেন

২০১০ বিশ্বকাপের কথা ফরাসিরা ভুলে যেতে চাইবে নিঃসন্দেহে। দলীয় অন্তঃকলহের ফল রেমন্ড ডমেনেখের দল পেয়েছিল হাতেনাতে, প্রথম রাউন্ড থেকেই লজ্জাজনক বিদায়ে। চার বছর পর দলের দায়িত্ব ১৯৯৮-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক দিদিয়ের দেশমের হাতে, তবু ফ্রান্সকে গোনায় ধরছিলেন না বোদ্ধারা। সামির নাসরি আর ফ্রাঙ্ক রিবেরির অভাব দলকে ভোগাবে, এমনটাই ছিল ধারণা।
কিন্তু আজ জার্মানির সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে ফ্রান্সকে বাতিলের খাতায় ফেলতে পারছেন না কেউই । গ্রুপপর্বে অন্য অনেক দল থেকেই ভালো খেলেছে ব্লুজ, যাদের প্রত্যাশার কেন্দ্রবিন্দু করিম বেনজেমা। ফরাসিদের স্বপ্ন যে আজ বেনজেমাকে ঘিরে আবর্তিত, এ জন্য কিন্তু জিনেদিন জিদানকে ধন্যবাদ দিতে হবে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের আজকের বেনজেমা হয়ে ওঠার নেপথ্যে যে ফরাসি কিংবদন্তি।
মাদ্রিদে প্রথম দিনগুলো হয়তো ভুলে যেতে চাইবেন বেনজেমা। ‘ড্রেসিংরুমে অন্য খেলোয়াড়েরা যখন উচ্চ স্বরে হাসাহাসি করত আমার মনে হতো, ওরা কি আমাকে নিয়ে হাসাহাসি করছে?’—বলেছিলেন ফরাসি ক্লাব লিঁওতে ক্যারিয়ার শুরু করা স্ট্রাইকার। স্প্যানিশ মিডিয়ার অভিযোগ ছিল ভাষা শিখতে অপটু বেনজেমা। এমন নানা সমস্যার মধ্যে তৎকালীন কোচ হোসে মরিনহোও খুব একটা খুশি ছিলেন না তাঁকে নিয়ে। কোনো এক অনুশীলনে নাকি মরিনহো বলেছিলেন, ‘তোমাকে কেন্দ্র করে দল সাজালে তো অনুশীলন শুরু করতে হবে দুপুর ১২টায়। কারণ সাড়ে ১০টায় তুমি আধোঘুম নিয়ে মাঠে আসবে, ১১টায়ও থাকবে ঢুলুঢুলু চোখে।’
সেই বেনজেমাকেই দলে রেখে দিতে বললেন জিদান, ক্লাব গঞ্জালো হিগুয়েইনকে নাপোলির কাছে বিক্রি করে দেওয়ার পর। মরিনহোর চোখে আলসে বেনজেমা ঠিকই জ্বলে উঠবেন দলের মূল স্ট্রাইকার হিসেবে, জিদান বিশ্বাস করতেন। হয়েছেও তাই। ক্রিস্টিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলকে নিয়ে বেনজেমা ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জেতালেন প্রায় এক যুগ পর, বোনাস হিসেবে ছিল কোপা ডেল রে।
দেশমের দলও খেলেছে বেনজেমাকে কেন্দ্র করে আর ফলও পাচ্ছে হাতেনাতে। দুর্দান্ত প্রথম পর্বের পর শেষ ষোলোতে নাইজেরিয়ার সঙ্গে তাঁকে খেলতে হয়েছিল উইংয়ে, দল আফ্রিকানদের প্রাচীরে ফাটল ধরাতে পারছিল না। কিন্তু আতোঁয়ান গ্রিজম্যানকে মাঠে নামানোর পর বেনজেমা যখন ফিরে গেলেন পছন্দের পজিশনে, ১১ মিনিটে ২ গোল করে ম্যাচ নিজের করে নিল ফ্রান্স। হন্ডুরাসের সঙ্গে রেফারি শেষ মুহূর্তে তাঁর গোল বাতিল না করলে এতক্ষণে গোল্ডেন বুটের লড়াইয়েও ভালোই থাকতেন রিয়াল স্ট্রাইকার।
সেমিতে পুরোনো রিয়াল-সতীর্থ মেসুত ওজিলের সঙ্গে দেখা হবে বেনজেমার। টুইটারে তাই কাল আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন পরাশক্তি জার্মানির বিপক্ষে ফ্রান্সের আশা-ভরসার প্রতীক। তবে এই বেনজেমা অনেক পরিণত, পগবা-গ্রিজম্যানের মতো নবীনরা যে ফ্রান্সের স্বপ্নসারথির দিকেই তাকিয়ে থাকবেন অনুপ্রেরণার জন্য।
বন্ধুর ব্রহ্মাস্ত্রে শাণ দিয়ে দেওয়ার জন্য পুরোনো সতীর্থ জিদানকে দেশম একটা ধন্যবাদ দিতেই পারেন। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।