আলাদা কিছু করতেই হবে

ভারত-পাকিস্তান ম্যাচের জায়গায় এখন যেন বাংলাদেশ-ভারত ম্যাচই উপমহাদেশের বড় ক্রিকেট-যুদ্ধ। আমি মাঠের বাইরের ‘যুদ্ধে’র কথা বলছি না। বলছি খেলার কথা।
মাঠের বাইরে ভারত-পাকিস্তান সম্পর্কের অনেক সমীকরণ আছে, যেসবের প্রভাব পড়ে তাদের খেলায়ও। এই দুই দলের খেলায় যে উত্তাপ তৈরি হয়, সেটা এখনো আসেনি বাংলাদেশ-ভারত ম্যাচে। তবে শুধু যদি ক্রিকেট খেলার কথা বলেন, উপমহাদেশে সেটা এখন সবচেয়ে জমজমাট বাংলাদেশ-ভারতের ম্যাচেই।
এজবাস্টনে আজ আরেকটি বাংলাদেশ-ভারত ম্যাচ। এটি আর পাঁচটি সাধারণ কোনো ম্যাচের মতো নয়, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। এটির জন্য আমাদের মানসিক প্রস্তুতিটা খুবই ভালো থাকা দরকার। সেমিফাইনালের মতো ম্যাচে সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। যে উইকেটে খেলা হচ্ছে, তাতে আগে ব্যাট করলে ভারতের তিন শর বেশি রান করা অস্বাভাবিক নয়। সেমিফাইনালে প্রতিপক্ষ ২৪০-২৫০ রান করবে আর আপনি জিতে যাবেন, এত সহজ ভাবলে হবে না। ফাইনালে যেতে হলে আলাদা কিছু করতেই হবে। আর ভারতকে তিন শর নিচে রাখতে হলে উইকেট নিতে হবে শুরু থেকেই।
যে যা-ই বলুক, বাংলাদেশকে অন্যরা এখন অনেক বেশি গুরুত্ব দেয়, সেটা আমরা ভালোই বুঝতে পারি। ভারতের ব্যাটিং অনেক ভালো। ধাওয়ান, কোহলি, যুবরাজ আছে। রোহিত শর্মার ব্যাটিং তো আমার খুবই ভালো লাগে। আমাদের সঙ্গে ওর রেকর্ডও খুব ভালো।
ভারতের কথা বলতে গিয়ে যে রকম অনেকগুলো নাম এল, বাংলাদেশের কথা বললেও এখন অনেক নাম আসে। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম। কাজেই বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। ইংল্যান্ডের উইকেটে মোস্তাফিজের ‘কাটার’ হয়তো উপমহাদেশের উইকেটের মতো কার্যকর হবে না। তবে যদি উইকেট একটু ভেজা থাকে তাহলে সে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর অতীত অভিজ্ঞতার কারণেও ওকে নিয়ে ভারতের একটু ভয় থাকবেই। ভারতীয়রা জানে মোস্তাফিজ কী করতে পারে।
ভারতকে হারানো কঠিন, এটা অস্বীকার করি না। কিন্তু আমরা তাদের কখনো হারাইনি তা তো নয়! ২০০৪ সালের পর ২০০৭ বিশ্বকাপে হারিয়েছি। সেই জয়গুলোর সময় আমরা জয়ের চিন্তা করে মাঠে নামতাম না। উদ্দেশ্য থাকত ভালো খেলা। এখন সে অবস্থা নেই। ২০১২ সালেও আমাদের একটা জয় আছে ভারতের বিপক্ষে। ২০১৫ সালে তো দেশের মাটিতে সিরিজই জিতলাম।
দলের মানসিকতা এখন বদলে গেছে। আত্মবিশ্বাস বেড়েছে। জিততে পারি, জিততে হবে, না জিতলে মন খারাপ হবে—আমাদের ছেলেদের মানসিকতায় এখন এসব এসে গেছে। একটা জিনিস বলে দিতে পারি, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে যেখানে গিয়ে আমরা হেরেছি, ও রকম পরিস্থিতিতে গেলে এবার বাংলাদেশ হারবে না।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে এবার অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলও ছিটকে গেছে। তাহলে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না কেন? আজ ফাইনালের স্বপ্ন নিয়েই খেলা দেখব আমি।